প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৫:০৩ পিএম
আপডেট : ১৮ মে ২০২৩ ১৫:৩১ পিএম
ইউক্রেনের এক পুলিশ অফিসার বৃহস্পতিবার রাশিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ পরিদর্শন করছেন। ছবি : আলজাজিরা
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ফের ইউক্রেনকে নাড়া দিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ওদেসায় মস্কোর ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং রাজধানী কিয়েভের দুটি জেলায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।
ইউক্রেনের সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক বৃহস্পতিবার (১৮ মে) টেলিগ্রামে জানিয়েছেন, ‘ওডেসা হামলায় আরও দুজন আহত হয়েছেন।’
ব্র্যাচুক লিখেছেন, ‘শত্রুর বেশিরভাগ ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্তার দ্বারা আকাশেই ধ্বংস হয়েছ। দুর্ভাগ্যবশত একটি আঘাত হানতে সক্ষম হয়েছে। যার বিস্ফোরণে ১ জন মারা গেছে এবং দুইজন আহত হয়েছে।’
ইউক্রেনের সেনাবাহিনী কিয়েভের ডেসনিয়ানস্কি জেলায় বেশ কয়েকটি বিস্ফোরণের খবর জানিয়ে বলেছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে শহরের দারনিটস্কি পাড়ায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে।
দেশটির সামরিক বাহিনী কেন্দ্রীয় ভিন্নিতসিয়া অঞ্চলে ‘ক্রুজ ক্ষেপণাস্ত্র’ হামলার কথাও জানিয়েছে।
স্থানীয় মিডিয়া পশ্চিমে প্রায় ১০০ কিলোমিটার দূরে খমেলনিটস্কিতে বিস্ফোরণের খবর জানিয়েছে।
শহরটির বেসামরিক ও সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকোর মতে, ‘কিয়েভের বিমানবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’
পপকো বলেন, ‘কিয়েভের উপর একটি সিরিজ বিমান হামলায় সম্ভবত দুটি রাশিয়ান কৌশলগত বোমারু বিমান ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে লিখেছেন, ‘শহরের দারনিতস্যা অঞ্চলে একটি গ্যারেজে আগুন লেগেছিল এবং শহরের অন্য অংশে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছিল। দুটি ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
এই মাসে নবমবারের মতো রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রাশিয়ার বিমান হামলা হয়েছে।
স্থানীয় মিডিয়া ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফ ভ্যালেরি জালুঝনিকে উদ্ধৃত করে বলেছে, ‘বৃহস্পতিবার রাশিয়া ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।’
জালুঝনি মঙ্গলবার বলেছেন, ‘ইউক্রেনীয় বাহিনী বিভিন্ন ধরণের ১৮টি ক্ষেপণাস্ত্রকে গুলি করে ধ্বংস করেছে।’
জালুঝনি টেলিগ্রামে লিখেছেন, ‘রাশিয়া ছয়টি কিনজাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, নয়টি কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি ইস্কান্দার নামের ভূমিভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এ ছাড়াও ইউক্রেনের বিমান বাহিনী ছয়টি ইরানের তৈরি শাহেদ ড্রোন এবং তিনটি রিকনেসান্স ড্রোনও গুলি করে ভূপাতিত করেছে।
এদিকে, বেসামরিক এবং অবকাঠামোকে লক্ষ্য করে অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে কিয়েভকে রক্ষা করতে সাহায্য করার মূলভিত্তি নিজেকে প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রে তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।
ইউক্রেনে থাকা মাত্র দুটি প্যাট্রিয়ট সিস্টেমের মধ্যে একটি সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে স্বীকার করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বুধবার নিশ্চিত করেছেন যে, মিসাইল সিস্টেমটি সহজেই মেরামত করা হয়েছে এবং কাজ করছে।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, তাদের বাহিনী কিনজল হাইপারসনিক মিসাইল দিয়ে কিয়েভের একটি প্যাট্রিয়ট সিস্টেম ধ্বংস করেছে।
সূত্র : আলজাজিরা