প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মে ২০২৩ ০৯:১১ এএম
আপডেট : ১৭ মে ২০২৩ ১১:২৯ এএম
নাইজেরিয়ার আনামব্রা রাজ্যের আতানি শহরের একটি সাধারণ দৃশ্য। গত ফেব্রুয়ারিতে তোলা। ছবি : সংগৃহীত
নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের গাড়িবহরে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। একই ঘটনায় তিনজনকে অপহরণ করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মে) নাইজেরিয়ার আনামব্রা রাজ্যের আতানি শহরের কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতের মধ্যে দুজন যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মকর্তা। বাকি দুজন পুলিশ। আর যাদের অপহরণ করা হয়েছে তাদের মধ্যে একজন গাড়িচালক, বাকি দুজন পুলিশ। বুধবার (১৭ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
ইকেঙ্গা তোচুকউ নামে আনামব্রা প্রদেশের একজন পুলিশ মুখপাত্র জানান, দুর্বৃত্তরা পুলিশ মোবাইল ফোর্সের দুজন সদস্য ও যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের দুই কর্মীকে হত্যা করে এবং তাদের মরদেহ ও যানবাহন আগুনে জ্বালিয়ে দেয়। অপহৃতদের সন্ধান ও উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ওই এলাকাটি বিচ্ছিন্নতাবাদী সহিংসতার জন্য পরিচিত উল্লেখ করে তিনি বলেন, দূতাবাসের গাড়িবহরটি ওই এলাকায় পুলিশ বা কোনো নিরাপত্তা সংস্থার সহায়তা ছাড়াই সেখানে গিয়েছিল।হামলাকারীরা পালিয়ে যাওয়ার পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে পৌঁছায়।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘটনাকে ‘হামলা’ বলে অভিহিত করেছেন। তিনি নিশ্চিত করেছেন, এটা দেখে মনে হচ্ছে গাড়িবহরে পরিকল্পনা করে হামলা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে বলেছে, এ ঘটনায় তদন্তের জন্য নাইজেরিয়ার নিরাপত্তা পরিষেবার সঙ্গে কাজ করছেন তাদের কূটনৈতিক কর্মীরা। আমাদের কর্মীদের নিরাপত্তা সর্বদা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমরা দূতাবাসের বাইরে কোনো সফর আয়োজন করার সময় ব্যাপক সতর্কতা অবলম্বন করি।
সূত্র : আলজাজিরা