প্রবা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:১৫ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫২ পিএম
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি দীর্ঘস্থায়ী হতে হবে।
উজবেকিস্তানে আলজাজিরার রেসুল সেরদারের সঙ্গে কথা বলার সময় ইরানের রাষ্ট্রপতি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি আলোচনা করার সময় এখনও আসেনি। এ সময় তিনি তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ওয়াশিংটনের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন।
রাইসি বলেন, ‘নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি সুরক্ষার জন্যও নীতিমালা তৈরি হওয়া উচিত। যদি আমাদের কাছে বিশ্বস্ত গ্যারান্টি থাকে এবং আমাদের নিষেধাজ্ঞাগুলো স্থায়ীভাবে তুলে নেওয়া হয়, যদি সুরক্ষা সংক্রান্ত সমস্যাগুলোর একটি স্থায়ী সমাধান করা হয়, তবে নিশ্চিতভাবে চুক্তিতে পৌঁছানো সম্ভব।’
২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য ইরান এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের মধ্যে পরোক্ষ আলোচনা কয়েক মাস আগে বন্ধ হয়ে গেছে।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন। ওই চুক্তির অধীনে তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি হ্রাসে সম্মত হয়েছিল এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছিল। এই চুক্তি ইরানকে বিশ্বব্যাপী তার তেল ও গ্যাস বিক্রি করার অনুমতিও পাইয়ে দিয়েছিল।
২০১৫ সালের মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং ইরানের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ভিয়েনায়। আইএইএ সেই সময়ে বারবার নিশ্চিত করেছিল যে তেহরান ২০১৫ সালের ওই চুক্তির শর্তাবলির অধীনে সম্পূর্ণরূপে তার পারমাণবিক প্রতিশ্রুতি পূরণ করছে।
প্রবা/জিজি/এমজে