প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ মে ২০২৩ ১২:৫৬ পিএম
২০২১ সালের ১ ফেব্রুয়ারী একটি অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করেন মিয়ানমারের জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। ছবি : সংগৃহীত
দুই হাজারেরও বেশি বন্দিকে ক্ষমা করে দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। খবরটি বুধবার (৩ মে) নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
সামরিক বাহিনীর বিরুদ্ধে উৎসাহিত করার অপরাধ সংক্রান্ত একটি আইনের আওতায় এই বন্দিদের কারাদণ্ড দেওয়া হয়েছিল বলে জানয়েছে এএফপি।
এ বিষয়ে জান্তা সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বৌদ্ধ উৎসব কাসোন পূর্ণিমা দিবস পালন উপলক্ষে সামরিক বাহিনী দণ্ডবিধি ৫০৫ (এ)-এর আওতায় সাজাপ্রাপ্ত ২,১৫৩ বন্দিকে ক্ষমা করে দেওয়া হয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকে জান্তা সরকার ভিন্নমতের বিরুদ্ধে দমন-পীড়ন চালাতে আইনটির ব্যাপকভাবে ব্যবহার করে আসছে।
এ আইনের আওতায় সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়, সামরিক বাহিনী ‘মানুষের শান্তিপূর্ণ মনোভাব পোষণের জন্য এবং মানবিক কারণে তাদের ক্ষমা করে দেওয়ার নির্দেশ দিয়েছে ‘
বিবৃতিতে আরো বলা হয়, এদের মধ্যে যারা ফের একই ধরনের অপরাধ করবে তাদেরকে অতিরিক্ত দণ্ডসহ বাকি সাজা ভোগ করতে হবে।
স্থানীয় এক পর্যবেক্ষক গ্রুপ জানায়, সামরিক বাহিনী অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করার এবং এটাকে কেন্দ্র করে দেশটি টালমাটাল পরিস্থিতির মুখে পড়ার পর থেকে ২১ হাজারেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারে সাধারণত জাতীয় ছুটির দিন বা বৌদ্ধ উৎসব পালন উপলক্ষে হাজার হাজার বন্দিকে সাধারণ ক্ষমা করা হয়ে থাকে।
সূত্র : আল আরাবিয়া