প্রবা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২ ১২:৩৫ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:১৬ পিএম
ইজিয়ামের কাছে আবিষ্কৃত গণকবরের ছবি তুলছেন এক ইউক্রেনীয় সেনা।
রাশিয়ান বাহিনীর দখল থেকে পুনরুদ্ধারের কয়েক দিন পর উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ামের কাছে জঙ্গলে একটি গণকবর খুঁজে পেয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।
আল-জাজিরা জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার রাতে তার ভাষণে প্রায় ৪৪০টি মৃতদেহসমেত সমাধিস্থল খুঁজে পাওয়ার কথা বলেছিলেন।
একজন আঞ্চলিক পুলিশ কর্মকর্তা এর আগে বলেছিলেন, নিহতদের মধ্যে কয়েকজন গোলা বা বিমান হামলায় মারা গেছে।
সাইটটিতে ভ্রমণ করা সাংবাদিকরা গাছের মধ্যে সাধারণ কাঠের ক্রস দিয়ে চিহ্নিত শত শত কবর চিহ্নিত করেছেন।
বার্তা সংস্থা এপির তথ্য অনুসারে, একটি বড় কবরে ১৭ ইউক্রেনীয় সৈন্যের মৃতদেহ পাওয়া গেছে।
খারকিভ অঞ্চলের প্রধান পুলিশ তদন্তকারী সের্হি বলভিনভ যুক্তরাজ্যের স্কাই নিউজকে বলেছেন, ‘আমি বলতে পারি এটি বড় শহরে সবচেয়ে বড় সমাধিস্থলগুলোর মধ্যে একটি। এখানে ৪৪০টি মৃতদেহ দাফন করা হয়েছে। কেউ মারা গেছে আর্টিলারির ফায়ারে, কেউ মারা গেছে বিমান হামলায়।’
যদিও ইউক্রেনের এই দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং রাশিয়ার কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জেলেনস্কি তার ভাষণে কিয়েভের উপকণ্ঠে বুচাতে হত্যাকাণ্ডের কথা জানিয়েছিলেন। যেখানে ইউক্রেনীয়রা রাশিয়ান সেনাদের প্রত্যাহার করার পরে বেসামরিক লোকদের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখেছিল।
তিনি দক্ষিণের বন্দর শহর মারিউপোলকেও উল্লেখ করে বলেছিলেন, সেখানে হাজার হাজার বেসামরিক নাগরিক রাশিয়ার আক্রমণ এবং দীর্ঘ অবরোধে মারা গেছে।
তিনি বলেন, ‘বুচা, মারিউপোল, ইজিয়ামে গণহত্যার জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে। বিশ্ব অবশ্যই এই যুদ্ধের জন্য রাশিয়াকে শিক্ষা দেবে।’
তবু রাশিয়া বেসামরিক নাগরিকদের টার্গেট করা বা যুদ্ধাপরাধের অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।
প্রবা/জিজি/এমজে