প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১৮:০৩ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ১৮:১৭ পিএম
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। ছবি : সংগৃহীত
চীনের উত্থান নিয়ে পুরোনো ও বর্তমান পরাশক্তিগুলোর কেউ স্বস্তিতে নেই। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলির মন্তব্যে তা ফের প্রমাণিত হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) লন্ডনের ম্যানশন হাউসের এক ভাষণে ক্লেভারলি বলেন, ’২০১৪ ও ২০১৮ সালের মধ্যে চীন অনেকগুলো আধুনিক রণতরির উদ্বোধন করেছে। এই সময় দেশটি যতগুলো রণতরির উদ্বোধন করেছে, সেগুলোর ওজন যুক্তরাজ্যের নৌবাহিনীর সর্বমোট ওজনের চেয়ে বেশি। শুধু তাই নয়, তারা দক্ষিণ চীন সাগর ও তার বাইরেও নৌ-ঘাঁটি করার চেষ্টা করছে।’
চীনের সামরিক সক্ষমতা বাড়ানোর মতবাদ ও উদ্দেশ্য বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করা দরকার জানিয়ে ক্লেভারলি বলেন, ’এসব বিষয়ে স্বচ্ছ থাকাটা সবার জন্য মঙ্গলজনক। এটা নিয়ে লুকোচুরি করলে মর্মান্তিক কিছু ঘটে যাওয়ার ঝুঁকি রয়েছে।’
তাইওয়ান বিষয়ে ক্লেভারলি বলেন, ’চীন তাইওয়ানে হামলা চালালে বিশ্ব অর্থনীতিতে তার গভীর প্রভাব পড়বে। তাই এমনটি হলে কেউ চুপ করে থাকবে না।’
আল-জাজিরা জানায়, চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে স্বায়ত্তশাসিত দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়। গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় দ্বীপটির চারদিকে বড় ধরনের সামরিক মহড়া চালায় বেইজিং।
চলতি মাসের শুরুতে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন উত্তর আমেরিকা সফরকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যাত্রাবিরতি নেন। দেশটির হাউসের বর্তমান স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন। জবাবে তাইওয়ানের চারদিকে ফের সামরিক মহড়া চালায় বেইজিং।
তবে চীনের কিছুটা প্রশংসাও করেছেন ক্লেভারলি। বিশেষ করে গত ৪৫ বছরে ৮০ কোটি মানুষকে দরিদ্রসীমার নীচ থেকে বের করে আনতে পারা চীনের বড় অর্জন বলে মনে করেন ক্লেভারলি।
অন্যদিকে নতুন করে আর কোনো শীতল যুদ্ধ যেন শুরু না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ক্লেভারলি বলেন, ’বিশ্ব বর্তমানে যেসব বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, সেগুলো চীনকে বাদ দিয়ে সমাধান করা সম্ভব নয়। চীনের সঙ্গে সব দেশের কাজ করা উচিৎ। আমরা বেইজিংয়ে আরেকটি দূতাবাস খুলতে চাই।’
ভাষণে জিনজিয়াং, ইউক্রেন যুদ্ধে চীনের অবস্থান ইত্যাদি নিয়েও কথা বলেছেন ক্লেভারলি।
সূত্র : আল-জাজিরা