প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩৮ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫০ পিএম
পুতিনের মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ।
ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর সক্ষমতার সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ। ইউক্রেনের ইজিয়ুমের নিয়ন্ত্রণ হারানোর পর এ সমালোচনা করেন তিনি।
উক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ প্রদেশের ইজিয়ুমকে গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।
এই কাদিরভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে সমাধিক পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে শনিবার ১১ মিনিট ব্যাপ্তির একটি ভয়েস মেসেজ পোস্ট করেন তিনি। এতে কাদিরভ বলেন, রাশিয়ার এ সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী চলছে না।
মস্কোর নিয়োগ দেওয়া চেচেন নেতা বলেন, ‘আজ বা কাল বিশেষ সামরিক অভিযান পরিচালনায় যদি পরিবর্তন আনা না হয়, তাহলে মাঠের অবস্থা ব্যাখ্যা করতে আমরা দেশের নেতৃত্বের কাছে যেতে বাধ্য হব।’ তিনি জোর দিয়ে বলেন, হারানো সব এলাকায় রুশ নিয়ন্ত্রণ ফেরাতে হবে।
কাদিরভ বলেন, ‘যারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আছেন, আমি তাদের মতো কৌশলবিদ নই। তবে এটা স্পষ্ট, কিছু ভুল হয়েছে। আমি মনে করি, তারা এ বিষয়ে একটি সিদ্ধান্তে উপনীত হবেন।’
এ চেচেন নেতা আরও বলেন, ‘সেখানে আমাদের লোক আছে। যোদ্ধারা এ ধরনের পরিস্থিতির জন্য বিশেষভাবে প্রস্তুত। ১০ হাজার যোদ্ধা তাদের সঙ্গে যোগ দিতে প্রস্তুত আছে। অদূর ভবিষ্যতে আমরা ওদেসায় পৌঁছব।’
আগ্রাসনের বিরুদ্ধে উত্তর-পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলায় রুশ সেনা নেতৃত্ব অপ্রস্তুত হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে রুশ বাহিনীর সমালোচনায় মুখর হয়েছেন কাদিরভ।
ইউক্রেন যুদ্ধে চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে পুতিনকে অবিলম্বে পরিবর্তন আনার জন্য অনেকটা ক্ষোভের সুরে গতকাল রবিবার আহ্বান জানিয়েছে রুশ জাতীয়তাবাদীরা। আগের দিন উত্তর-পূর্ব ইউক্রেনে নিজেদের প্রধান ঘাঁটি পরিত্যাগ করতে বাধ্য হয়েছিল মস্কো।
প্রবা/জিজি/এমআই
এমআই