প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৭:১৪ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৭:২৩ পিএম
কৃষ্ণ সাগরে একটি রুশ যুদ্ধবিমান। ২০২২ সালের অক্টোবরে। ছবি: সংগৃহীত
গত বছরের সেপ্টেম্বরের শেষের দিকে ঘটনা। যুক্তরাজ্যের একটি গোয়েন্দা উড়োজাহাজ চক্কর দিচ্ছিল কৃষ্ণ সাগরে। এ অবস্থায় রাশিয়ার দুটি যুদ্ধবিমান যুক্তরাজ্যের গোয়েন্দা উড়োজাহাজটির প্রায় কাছাকাছি চলে আসে। এমন কি যুক্তরাজ্যের উড়োজাহাজটির দিকে একটি ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়।
এ ঘটনায় রাশিয়া ও ন্যাটোর মধ্যে যুদ্ধ লেগে যাওয়ার যথেষ্ট শঙ্কা ছিল বলে উল্লেখ করা হয়েছে ওয়াশিংটন পোস্টের রবিবারের (৯ এপ্রিল) এক প্রতিবেদনে।
ওয়াশিংটন পোস্ট জানায়, ২০২২ সালের অক্টোবরে পার্লামেন্টে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, ওই ঘটনার পর যুক্তরাজ্যের কাছে ব্যাখ্যা দেয় রাশিয়া। যান্ত্রিক ত্রুটির কারণে এমন হয়েছে বলে জানিয়েছে মস্কো। লন্ডন সে ব্যাখ্যা মেনে নিয়েছে।
কিন্তু লন্ডন যদি মস্কোর ব্যাখ্যা মেনে না নিত, তাহলে ন্যাটোর পঞ্চম আর্টিকেল অনুযায়ী রাশিয়ার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ত সামরিক জোটটি। কারণে ওই আর্টিকেলে বলা আছে, কোনো সদস্য আক্রান্ত হলে পুরো জোট আক্রান্ত হয়েছে ধরে নিয়ে তার প্রতিকার করতে হবে।
আরটির প্রতিবেদনে বলা হয়, পোস্টের রবিবারের প্রতিবেদনের পর রাশিয়া, যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র কোনো দেশ মন্তব্য করেনি।
তবে ওই ঘটনার পর কৃষ্ণ সাগরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা উড়োজাহাজগুলোকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র : আরটি