প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ২১:৫৭ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৩ ২২:০১ পিএম
রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কেনার চুক্তির কথা জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মস্কোর কাছ থেকে সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান কেনার একটি চুক্তি চূড়ান্ত করেছে তারা।
দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার মধ্যেই এ খবর এলো।
পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের বিমান বাহিনীর কাছে থাকা এয়ারক্রাফটগুলো বেশ পুরোনো। এগুলোকে কার্যকর রাখতে খুচরা যন্ত্রাংশ অর্জনের জন্য দেশটিকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
ইরানের দাবি, দেশটির ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ ২০২০ সালের অক্টোবরে উঠে গেছে। ফলে যেকোনো দেশের কাছ থেকে প্রয়োজনমতো সামরিক সরঞ্জাম কেনাবেচায় তাদের ওপর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।
শুক্রবার ইরানের সরকারি সংবাদ সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, প্রচলিত অস্ত্র কেনার ওপর বিধিনিষেধের মেয়াদ শেষ হওয়ার পর তেহরানের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তুতির কথা জানিয়েছে মস্কো। আর সুখোই ৩৫ যুদ্ধবিমান ইরানের জন্য প্রযুক্তিগতভাবে গ্রহণযোগ্য।
কয়েক বছর ধরে সামরিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে মস্কোর সঙ্গে সম্পর্ক বাড়িয়েছে তেহরান।
বর্তমানে ইরানের কাছে থাকা বেশিরভাগ রুশ মিগ এবং সুখোই যুদ্ধবিমান মূলত সোভিয়েত যুগের। এ ছাড়া এফ-৭ সহ কিছু চীনা বিমান রয়েছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগের কিছু আমেরিকান এফ-৪ এবং এফ-৫ যুদ্ধবিমানও দেশটির বহরের অংশ।