প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ২১:৫৭ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৩ ২২:০৯ পিএম
ভারতের ত্রিপুরা ও নাগাল্যান্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে স্বচ্ছন্দে জয় পেয়েছে বিজেপি। তবে মেঘালয়ে ভরাডুবি হয়েছে দলটির। রাজ্যটিতে জয় পেয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
ত্রিপুরায় মাত্র ৩৯ শতাংশ ভোট পেয়েই জিতে গেল বিজেপি। সিপিএম পেয়েছে ২৪ দশমিক ৬ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছে ৮ দশমিক ৬ শতাংশ এবং তৃণমূল পেয়েছে শূন্য দশমিক ৮৮ শতাংশ। ত্রিপুরায় বিজেপি ৩২টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। আর বিজেপির জোটসঙ্গী আইপিএফটি জিতেছে মাত্র একটি আসনে।
কংগ্রেসের সঙ্গে জোট করা সিপিএম এবার জিতেছে ১১টি আসনে। কংগ্রেস পেয়েছে তিনটি আসন। তিপ্রা মোথা জিতেছে ১৩টি আসনে।
এদিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নাগাল্যান্ডে ফের সরকার গঠন করতে চলেছে এনডিপিপি-বিজেপি জোট। নাগাল্যান্ডে বিজেপির জোটসঙ্গী এনডিপিপি ২৩টি আসনে জিতেছে। বিজেপি জিতেছে ১২টি আসনে। এদিকে এনসিপি এই রাজ্যে জিতেছে ৫টি আসনে। এনপিপি পেয়েছে ৫টি আসন। লোক জনশক্তি পার্টি (রামবিলাস) জিতেছে দুটি আসনে। রামদাস আঠাওয়ালের আরপিআই জিতেছে দুটি আসনে।
রাজ্য দুটিতে দলের জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় মোদি লেখেন, ‘ধন্যবাদ ত্রিপুরা! এটি অগ্রগতি ও স্থিতিশীলতার পক্ষে ভোট। রাজ্যের প্রবৃদ্ধির গতিপথকে বাড়িয়ে নিয়ে যাবে ত্রিপুরা বিজেপি। তৃণমূল স্তরে তাদের দুর্দান্ত প্রচেষ্টার জন্য আমি ত্রিপুরার সমস্ত বিজেপি কার্যকারদের জন্য গর্বিত।’
নাগাল্যান্ড রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে মোদি লিখেছেন, ‘এনডিপিপি এবং বিজেপি জোটকে রাজ্যের সেবা করার জন্য আরেকটি জনাদেশ দিয়ে আশীর্বাদ করার জন্য আমি নাগাল্যান্ডের জনগণকে ধন্যবাদ জানাই। ডাবল ইঞ্জিন সরকার রাজ্যের উন্নতির জন্য কাজ করে যাবে। আমি আমাদের দলীয় কর্মীদের তাদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই। তারা এই ফল নিশ্চিত করেছেন।’
এদিকে মেঘালয়ে পরাজয় হলেও রাজ্যের উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন মোদি। এই রাজ্যে সবকটি আসনে লড়ে মাত্র তিনটিতে জয় পেয়েছে গেরুয়া শিবির। মেঘালয় নিয়ে মোদি টুইটে লেখেন, ‘বিধানসভা নির্বাচনে যারা বিজেপিকে সমর্থন জানিয়েছেন, তাদের আমি ধন্যবাদ জানাতে চাই। আমরা মেঘালয়ের উন্নয়নের গতিপথ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাব এবং রাজ্যের জনগণের ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করব। আমি আমাদের দলের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা দলের জন্য অনেক খেটেছেন।’
মেঘালয় বিধানসভার ৫৯ আসনের ২৬টিতে জয় পেয়েছে এনপিপি। দলটি গতবারের চেয়ে ৬টি আসন বেশি পেয়েছে। ৮ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইউনাইডেট ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি)। রাজ্যটিতে একক সরকার গঠনে প্রয়োজন ৩১ আসন। কোনো দল তা না পেলে জোট সরকার গঠন করতে হবে। সেক্ষেত্রে এনপিপির জোটসঙ্গী হতে পারে ইউডিপি। সূত্র : হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া