প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ০৯:২৪ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৩ ০৯:৫৩ এএম
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ছবি: সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। পাশাপাশি চলমান এ সংঘাতের রাজনৈতিক নিষ্পত্তির জন্য আলোচনারও আহ্বান জানিয়েছেন তারা। বুধবার (১ মার্চ) বেইজিংয়ে দুই নেতার বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা জানায়, ওই বিবৃতিতে তারা ইউরোপীয় অঞ্চলে সশস্ত্র সংঘাতের বিকাশের বিষয়ে গভীর উদ্বেগ ও ইউক্রেনে দ্রুত শান্তি প্রতিষ্ঠায় ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন।
এতে আরও বলা হয়, বেলারুশ ও চীন ইউক্রেন সংকট কমিয়ে আনতে আগ্রহী এবং তারা আঞ্চলিক শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধারের প্রচেষ্টা চালাতেও প্রস্তুত রয়েছে।
এর আগে গত সপ্তাহে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় জানিয়ে আলোচনায় বসার ওপর গুরুত্বারোপ করে বেইজিং। এ লক্ষ্যে চীনের প্রস্তাবিত ১২ দফায় সব দেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর আহ্বান জানানো হয়। যৌথ বিবৃতিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ইউক্রেন যুদ্ধ থামাতে ওই পরিকল্পনায় তার সমর্থন ব্যক্ত করেন।
দুই নেতার বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সব দেশের নেতাদের সব ধরনের শীতল যুদ্ধের মানসিকতা পরিত্যাগ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশগুলোর বিশ্ব অর্থনীতির রাজনীতিকরণ বন্ধ করা উচিত। পাশাপাশি এমন কিছু করা উচিত যা যুদ্ধবিরতি, যুদ্ধ বন্ধ ও এসবের শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করবে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের সেপ্টেম্বরে বেলারুশের সঙ্গে সম্পর্ক উন্নত হয় চীনের। এরপর মঙ্গলবার ৩ দিনের বেইজিং সফরে আসেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।
সূত্র: বিবিসি