প্রবা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২ ১১:০১ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১০:৪৬ এএম
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে
নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে আগামী শনিবার দেশে ফিরতে পারেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল ৩ সেপ্টেম্বর তিনি দেশে ফিরতে চলেছেন।
দেশের অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই দেশ ছেড়ে মালদ্বীপ পালিয়ে যান গোতাবায়া। সেখান থেকে পরদিনই পাড়ি দেন সিঙ্গাপুরে। যেখানে দুই সপ্তাহ অবস্থানের সুযোগ পান তিনি। এর মধ্যে গোতাবায়াকে সিঙ্গাপুরে রাখতে আরও ১৪ দিনের ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছিল লঙ্কান সরকার। সে বিষয়ে অগ্রগতি না হওয়ায় থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছিল কূটনৈতিক সূত্র।
এরপর গত ১১ আগস্ট থাইল্যান্ড পৌঁছান সাবেক এই লঙ্কান প্রেসিডেন্ট। সেখানে তার মিরিহানা বাসভবনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
তার আগে গোতাবায়ার কাছে কূটনৈতিক পাসপোর্ট থাকায় তিনি দেশটিতে ৯০ দিন থাকতে পারবেন বলেও জানিয়েছিল এর পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদ্বিনা।
অন্যদিকে, তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে রাজাপক্ষের নেতৃত্বাধীন দল পোদুজানা পেরামুনা (এসএলপিপি) প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে অনুরোধ জানায়।
পরবর্তীতে গোতাবায়ার দেশে ফেরার ব্যবস্থা নিয়ে আলোচনা করতে প্রেসিডেন্ট রনিল তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা যায়।
বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গোতাবায়া রাজাপক্ষে শনিবার দেশে ফিরে আসবেন বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে।
প্রবা/এনএস /এসআর