প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৮ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৮ পিএম
পাকিস্তানের প্রথম রূপান্তকামী সংবাদ পাঠিকা মারভিয়া মালিক। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রথম রূপান্তকামী সংবাদ পাঠিকা মারভিয়া মালিককে লক্ষ করে গুলি চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা।
গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লাহোরে একটি ওষুধের দোকান থেকে ফেরার পথে তার ওপর হামলা চালানো হয় বলে জানা গেছে।
ওই হামলায় আহত হলেও প্রাণে বেঁচে গেছেন মারভিয়া।
দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছু দিন ধরেই ফোনকলে হুমকি দেওয়া হচ্ছিল মারভিয়াকে।
তার প্রাণসংশয় হতে পারে এমন আশঙ্কা জানিয়ে পুলিশের কাছে ডায়েরিও করেছিলেন তিনি।
দেশের রূপান্তকামীদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে কথা বলার পরই নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছিল তাকে।
মারভিয়ার দাবি, ফোনে হুমকি পাওয়ার পর লাহোর ছেড়ে ইসলামাবাদে চলে এসেছিলেন তিনি। তার পর সেখান থেকে চলে গিয়েছিলেন মুলতানে।
সেখানেই থাকছিলেন তিনি। কয়েক দিন আগে অস্ত্রোপচারের জন্য লাহোরে ফেরেন তিনি।
২০১৮ সালে পাকিস্তানের প্রথম রূপান্তরকামী সংবাদ সঞ্চালিকা হিসেবে কাজ শুরু করেন মারভিয়া। রূপান্তরকামী মডেল থেকে সাংবাদিকের পেশায় এসেছিলেন তিনি। ২১ বছর বয়সে দেশের প্রথম রূপান্তরকামী সাংবাদিক হয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন মারভিয়া।
সংবাদ সংস্থা রয়টার্সকে মারভিয়া বলেছিলেন, ‘দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি। স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পড়াশোনা চালিয়ে গিয়ে কলেজে ভর্তি হই। কিন্তু সেই পথও খুব একটা সহজ ছিল না। এর পরই মডেলিংয়ে নামি। ফ্যাশনের দুনিয়ায় বেশ প্রশংসিত হয়েছিলাম।’
সূত্র : ইন্ডিয়া টুডে