প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০২ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৮ পিএম
চীনের শানসি প্রদেশের জিয়াওই শহরের একটি কয়লা খনি। ছবি : সংগৃহীত
চীনের একটি কয়লা খনিতে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ। আরও ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে এএফপি এসব তথ্য জানিয়েছে।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলের আলক্সা বাম ব্যানার গ্রামে বুধবার একটি কয়লা খনিতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে প্রায় ১৮০ মিটার গভীর খনির সরু পথে অর্ধশতাধিক শ্রমিক আটকা পড়ে।
ঘটনার একটু পরই উদ্ধারকাজ শুরু হয়। বুধবার পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়। বুধবার রাতে আরেকটি ভূমিধস হলে উদ্ধারকাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার ভোর থেকে উদ্ধারকাজ ফের শুরু হয়। সন্ধ্যা নাগাদ আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।
চীনের স্বর্ণ ও কয়লাসহ বিভিন্ন ধরনের খনিতে ভূমিধসসহ নানান ধরনের দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। গত ডিসেম্বর জিনজিয়াং প্রদেশের একটি স্বর্ণ খনিতে প্রায় ৪০ জন আটকা পড়েছিল।
তার আগে ২০২১ সালে উত্তর চীনের শানসি প্রদেশে একটি কয়লা খনিতে আকস্মিক বন্যায় ভেসে যায় ২০ জন শ্রমিক। পরে তাদের উদ্ধার করা হয়।
সূত্র : এএফপি