প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০৫ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২৪ পিএম
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। ছবি : সংগৃহীত
চলতি মাসের শুরুতে তেল ট্যাংকারে হামলার পেছনে ইরান ছিল বলে দাবি করেছে তার চিরশত্রু ইসরায়েল। ওই দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ’তেহরান এ অভিযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।’
তিনি ইসরায়েল সম্পর্কে বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের মতো ইহুদিবাদী শাসকগোষ্ঠী অভিযোগ করতে অভ্যস্ত হয়ে পড়েছে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ১০ ফেব্রুয়ারি ইসরায়েল-সংশ্লিষ্ট ক্যাম্প স্কয়ার তেল ট্যাংকারে হামলার জন্য ইরানকে দায়ী করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ইসরায়েল তেহরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কানানি আরও বলেছেন, ইসরায়েলের লজ্জাজনক ইতিহাসজুড়ে অন্যান্য রাষ্ট্রের নিরাপত্তাকে বিপন্ন করেছে। তাই আঞ্চলিক নিরাপত্তাকে বিপন্ন করে এমন অপরাধের জন্য অন্যদের অভিযুক্ত করার অবস্থান তার নেই।
লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাংকারটিকে একটি ড্রোন দ্বারা আক্রমণ করা হয়েছে বলে ধারণা করা হয়েছে। জাহাজটি পরিচালনাকারী গ্রিক সংস্থা এলেটসন জানিয়েছে, জাহাজটি আরব সাগরে থাকাকালে একটি বায়ুবাহিত বস্তু দ্বারা আঘাত করেছিল।
সংস্থাটি আরও বলেছে, ওই হামলায় সব ক্রু নিরাপদ ছিলেন এবং শুধু জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে।
ইরান ও ইসরায়েল বছরের পর বছর ধরে ছায়াযুদ্ধে লিপ্ত রয়েছে, যা ক্রমবর্ধমান উত্তেজনা এবং বিশ্বশক্তির সঙ্গে ইরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুদ্ধার করার জন্য আলোচনায় অচলাবস্থার মধ্যে প্রকাশ্যে ছড়িয়ে পড়েছে।
গত রবিবার সিরিয়ার রাজধানীতে ইরানের স্থাপনাগুলোর কাছে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ১৫ জন নিহত হয়।
তেহরান এর আগে ইসরায়েলকে ইরানের মধ্য ইস্ফাহান প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সাইটে জানুয়ারিতে ড্রোন হামলার জন্য দায়ী করেছিল।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত দুই বছরে তেল ট্যাংকারে বেশ কয়েকটি হামলার পেছনে ইরানকে দায়ী করেছে।
সূত্র : আল জাজিরা