প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৭ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৬ এএম
অ্যাসল্ট রাইফেল হাতে চেচেন নেতা রমজান কাদিরভ। ছবি : সংগৃহীত
রাশিয়াতে ওয়াগনার গ্রুপের আদলে নিজস্ব প্রাইভেট মিলিটারি কোম্পানি (পিএমসি) প্রতিষ্ঠা করতে চান, প্রেসিডেন্ট ভ্লাদিমির
পুতিনের ঘনিষ্ঠ মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ। তিনি জোরালোভাবে বিষয়টি নিয়ে পরিকল্পনা করছেন। মস্কোর প্রতি
বিশ্বস্ত হিসেবে এমন উদ্যোগের ক্ষেত্রে সম্ভবত তিনি রুশ সরকারের সহায়তাও পাবেন।
তবে চেচেন প্রজাতন্ত্রের প্রধান হিসেবে রাষ্ট্রীয় দায়িত্বে থাকাকালীন এমনটা করবেন
না বলে রোববার এক টেলিগ্রাম পোস্টে সাফ জানিয়েছেন তিনি। এটি কেবল তার অবসরের পরের পরিকল্পনা।
যদিও এর আগে তিনি বেশ কয়েকবার পদত্যাগের ইঙ্গিত দিলেও এমনটা করেননি।
টেলিগ্রাম পোস্টটিতে রুশ প্রতিষ্ঠান ওয়াগনারের সফলতার দিকে ইঙ্গিত করে রমজান কাদিরভ বলেন, ‘একটি প্রাইভেট মিলিটারি কোম্পানি যুদ্ধক্ষেত্রে বেশ সাফল্য দেখিয়েছে।’
এর আগেও তিনি বলেছিলেন, ওয়াগনার গ্রুপ এরই মধ্যে তাদের সামরিক কার্যকারিতা প্রমাণ করেছে।
নতুন টেলিগ্রাম বার্তায় কাদিরভ এও জানান, চেচেন যোদ্ধাদের স্পেশাল ইউনিট ‘আখমাত’ ওয়াগনারের বিষয়ে বেশ ওয়াকিবহাল। ইউক্রেনে সামরিক অভিযানের একেবারে শুরুর দিন থেকেই ওয়াগনারের সঙ্গে থেকে যুদ্ধ চালাচ্ছে চেচেন যোদ্ধারা।
এদিকে ইউক্রেনের
যুদ্ধক্ষেত্রে সাফল্য দেখানো রাশিয়ার প্রাইভেট মিলিটারি গ্রুপ ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইভজেনি প্রিগোজিনের মতে, এ ধরনের পিএমসি আরও প্রয়োজন। চলতি সপ্তাহেই প্রিগোজিন আখামাতের কমান্ডার আপতি আলাউদিনভের সঙ্গে এক হাসপাতালে দেখা করেন।
ইউক্রেন নিয়ে বৈশ্বিকভাবে আলোচনায় আসলেও সিরিয়াতে এর অনেক আগে থেকেই কার্যক্রম চালাচ্ছে ওয়াগনার। এরই মধ্যে কোম্পানিটি পুতিনের আস্থাভাজন হয়ে উঠেছে। যদিও পশ্চিমারা বলে আসছে, ইউক্রেনে মানবাধিকার লংঘনের সঙ্গে যুক্ত এই প্রাইভেট মিলিটারি কোম্পানিটি।
সূত্র : রাশিয়া টুডে