প্রবা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২২ ১৮:৩৮ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২২ ১৮:৫৫ পিএম
টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
মানব সভ্যতার বিকাশে তেল-গ্যাসের উত্তোলন এবং অনুসন্ধান অব্যাহত রাখা উচিত বলে মনে করেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। এর পাশাপাশি তিনি নবায়নযোগ্য জ্বালানি খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার নরওয়ের দক্ষিণাঞ্চলীয় শহর স্ট্যাভাঞ্জারে অনুষ্ঠিত জ্বালানি সম্মেলনের এক ফাঁকে সাংবাদিকদের এসব কথা বলেন ধনকুবের মাস্ক।
ইলন মাস্ক বলেন, ‘বাস্তবতা বিবেচনা করলে আমি মনে করি, স্বল্পমেয়াদে হলেও আমাদের তেল ও গ্যাস ব্যবহার করতেই হবে। অন্যথায় সবকিছু স্থবির হয়ে পড়বে।’
নরওয়ের তেল ও গ্যাস উত্তোলনের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া উচিত কি না জানতে চাইলে মাস্ক বলেন, ‘আমি মনে করি এই সময়ে কিছু অতিরিক্ত শক্তির অনুসন্ধান করা উচিত। কারণ বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টেকসই জ্বালানি ব্যবস্থা ও টেকসই অর্থনীতি। এ জন্য হয়তো কয়েক দশক সময় লাগবে।’
তিনি আরও বলেন, উত্তর সাগরে বায়ুশক্তি উৎপাদনের সঙ্গে স্টেশনারি ব্যাটারি প্যাক জ্বালানির অন্যতম উৎস হতে পারে। শীতকালের জন্য এটি শক্তিশালী ও টেকসই জ্বালানির মাধ্যম হতে পারে।
প্রবা/এনএস/এমজে