প্রবা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২২ ১৭:০০ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১০:৫২ এএম
ভূমিকম্প আঘাত হানার পর একটি স্কুলের ছাত্র ও কর্মীরা খোলা জায়গায় জড়ো হয়৷ ছবি : রয়টার্স।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৯ আগস্ট) সকাল পর্যন্ত ওই এলাকাটিতে আরও দুবার ভূকম্পন অনুভূত হয়।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপদার্থবিজ্ঞান বিষয়ক সংস্থা (বিএমকেজি) বিষয়টি নিশ্চিত করেছে।
সংস্থাটি জানিয়েছে, সকাল সাড়ে ১০টার আগে সুমাত্রার পশ্চিম উপকূলে মেনতাওয়াই দ্বীপপুঞ্জে মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়। তবে এর কারণে সুনামির সতর্কতা জারি করা হয়নি।
সংস্থাটির মুখপাত্র বলেন, এর আগে সংস্থাটি ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প হয়েছে বলে রেকর্ড করলেও পরে তা সংশোধন করে ছয় দশমিক এক মাত্রা বলে নিশ্চিত করে।
সোমবার ভোর থেকে মোট তিনবার ভূমিকম্প অনুভূত হয়। ভোররাতে হওয়া প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক দুই। এর এক ঘণ্টারও কম সময় পরে হয় দ্বিতীয় ভূমিকম্পটি। যার মাত্রা ছিল পাঁচ দশমিক চার।
ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মেনতাওয়াই দ্বীপপুঞ্জ। এ ছাড়া পশ্চিম সুমাত্রা দ্বীপের প্রাদেশিক রাজধানীতে পাদাং ও বুকিটিংগির পার্শ্ববর্তী পার্বত্য এলাকায় বেশ প্রভাব ফেলে ভূমিকম্পটি।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সাইবারুত দ্বীপের কিছু ভবনের ক্ষতি হয়েছে।
মেনতাওয়াই দ্বীপপুঞ্জের স্থানীয় দুর্যোগ কর্মকর্তা নভরিয়াদি জানান, বিভিন্ন এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় একটি গির্জা, বিদ্যালয় এবং স্বাস্থ্য অবকাঠামোর আংশিক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে।
এর আগে ২০০৯ সালে পাদাঙে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এতে আহত হয়েছিল আরও বেশি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
প্রবা/এনএস/জেআই