প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৯ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০৬ পিএম
ছবি : আল জাজিরার ভিডিও থেকে নেওয়া।
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের দুদিন পরও চলছে উদ্ধার অভিযান। উদ্ধারকারীরা বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপ সরানোর সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে কেবল লাশ। সময় গড়ার সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষদের জীবিত ফিরে পাওয়ার আশা ম্লান হয়ে আসছে। এর মধ্যেই ৬৮ ঘণ্টা পর অলৌকিকভাবে তুরস্কের হাতায় শহরের ধ্বংসস্তূপ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক শিশুকে।
আল জাজিরার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা একটি ভবনের ধ্বংসাবশেষ খুঁড়ে আনুমানিক দুই বছর বয়সি কন্যাশিশুকে জীবিত টেনে আনছেন।
বিধ্বস্ত শহরগুলোতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। তারা প্রয়োজনীয় রসদ সরবরাহ করছেন ভূমিকম্পে বেঁচে যাওয়া এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা করার জন্য।
গত সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প তুরস্ক ও সীমান্তবর্তী সিরিয়ায় আঘাত হানে। ভয়াবহ এ ভূমিকম্পে তুরস্কে ও সিরিয়ায় ইতোমধ্যে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ১২ হাজার ৩৯১ জন তুরস্কে আর সিরিয়ায় ২ হাজার ৯৯২ জন।
দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।
তবে ভূমিকম্পের তিন দিন পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনা কমে আসছে।