প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৩ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১০ পিএম
প্রায় ১৫ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে ৪২ ফুট গভীর খাদ থেকে উদ্ধার করা হয় ১৯ মাস বয়সি এক শিশুকে। ৭ ফেব্রুয়ারি সকালে তোলা। ছবি: সংগৃহীত
বিপুলা এই পৃথিবীতে প্রতি মুহূর্তে এক সঙ্গে কত কিছু ঘটছে, তা কল্পনার বাইরে। বিশ্ব গণমাধ্যম যখন তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের উদ্ধারকর্মের লোমহর্ষক বর্ণনা নিয়ে ব্যস্ত, ঠিক তখন থাইল্যান্ডে ঘটে গেছে আরেক অলৌকিক ঘটনা। ১৯ মাস বয়সি এক শিশুকে গভীর খাদে পড়ে যাওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর জীবিত উদ্ধার হয়েছে।
তখন বিকালের শেষ লগ্ন। সূর্য ডুবে যেতে হয়তো ঘণ্টা খানেক বাকি। এমন একটা সময়ে সোমবার (৬ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের তাক প্রদেশ সাগুখেতে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত ছিলেন এক দম্পতি। অদূরে খেলছিল তাদের ১৯ মাস বয়সি এক শিশু।
একটা সময় ওই দম্পতির খেয়াল হয় তাদের ছোট্ট মেয়েটি নাই। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পাশে কোথাও মৃদু কান্নার শব্দ শুনতে পান তারা। অবশেষে কান্নার শব্দের উৎপত্তি শনাক্ত হয় পাশের একটি সরু খাদে। প্রায় ১৩ মিটার বা ৪২ ফুট গভীর খাদে পড়ে গেছে তাদের আদরের মা মনি!
দ্রুত দমকল বাহিনীর জরুরি সহায়তা নম্বরে ফোন দেওয়া হয়। একটু পরেই উদ্ধার কর্মীরা এসে হাজির। খানিকটা চিন্তা-ভাবনা করে সরু খাদটি ঘেঁষে আরকেটি তুলনামূলক চওড়া গভীর খাদ করার সিদ্ধান্ত হয়।
১০ মিটার খোঁড়ার পর নতুন উদ্বেগ দেখা দেয়। শঙ্কা তৈরি হয়, শিশুটিকে উদ্ধারের আগেই পাশের মাটি দেবে যেতে পারে। তাই বাকিটুকুর খোঁড়া হয় হাতের শাবল দিয়ে। আগের মাটিটুকু খোঁড়া হয়েছিল মেশিনে।
ইতোমধ্যে পুরো সময়টাজুড়ে বিশেষ প্রক্রিয়ায় শিশুটির কাছে অক্সিজেন পাঠানো হয়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সফলভাবে উদ্ধার অভিযান শেষ হয়। রুদ্ধশ্বাস অভিযান শেষে শিশুটি উদ্ধার করতে পেরে সবাই খুশি।
চানাচর্ট ওয়াঞ্চারর্নরুন নামের দমকল বাহিনীর এক সদস্য বিবিসিকে বলেন, ‘সারা রাত খেটেছি। শিশুটিকে জীবিত উদ্ধার করতে পেরে আমরা ভীষণ খুশি।’
এদিকে সামান্য কিছু আঘাত ছাড়া শিশুটা মোটামুটি সুস্থ বলে জানিয়েছেন স্থানীয় পুলিশপ্রধান রাতসরণ কেতসোইসিং।
থাইল্যান্ডের তাক প্রদেশ মিয়ানমার সংলগ্ন অঞ্চল। এখানে মিয়ানমারের কয়েক হাজার অভিবাসী রয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে প্রায় ১৫ লাখ মানুষ স্থানচ্যুত হয়েছেন। এদের বড় একটা অংশ থাইল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোয় আশ্রয় নিয়েছে।
সূত্র : বিবিসি।