প্রবা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২২ ১৪:৪২ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২২ ১৪:৫৬ পিএম
জাতিসংঘের অধিবেশন
পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির ওপর জাতিসংঘে চার সপ্তাহের সম্মেলনের পর একটি যৌথ ঘোষণার খসড়া আটকে দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার ওই খসড়ায় 'রাজনৈতিক দৃষ্টিভঙ্গি' রয়েছে উল্লেখ করে মস্কো নিন্দা জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু অস্ত্রের বিস্তার রোধ, সম্পূর্ণ নিরস্ত্রীকরণে উৎসাহ এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রতি পাঁচ বছর পর পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী ১৯১টি দেশ চুক্তিটি পর্যালোচনা করে।
চূড়ান্ত অধিবেশনসহ মাসব্যাপী আলোচনায় অংশ নিতে ১ আগস্ট থেকে দেশগুলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জড়ো হয়। শুক্রবার এ অধিবেশন কয়েক ঘণ্টার জন্য স্থগিত করা হয়।
শেষে সম্মেলনের সভাপতি আর্জেন্টিনার গুস্তাভো জলাউভিনেন বলেন, রাশিয়ার আপত্তির পর এটি চুক্তি অর্জনের অবস্থানে নেই।
রাশিয়ার প্রতিনিধি ইগর ভিসনেভিটস্কি চুক্তির খসড়ার চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে বলেন, ৩০ পৃষ্ঠার চেয়ে বড় ওই খসড়ায় ভারসাম্যের অভাব রয়েছে। তিনি আরও বলেন, ‘কিছু অনুচ্ছেদের ব্যাপারে আমাদের প্রতিনিধি দলের আপত্তি রয়েছে যা স্পষ্টতই রাজনৈতিক প্রকৃতির।’
এই রুশ কূটনীতিক বলেন, এই খসড়ায় রাশিয়াসহ আরও কয়েকটি দেশের আপত্তি রয়েছে।
ওই আলোচনার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রাশিয়া বিশেষ করে ইউক্রেনে মস্কোর দখল করা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত অনুচ্ছেদের জন্য বিরোধিতা করেছে।
এবার আলোচনায় ইউক্রেন ইস্যুসহ ইরানের পারমাণবিক কর্মসূচি ও উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পরীক্ষার বিষয়টি প্রাধান্য পায়।
এর আগে ২০১৫ সালের পর্যালোচনায়ও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এসব দেশ।
সর্বশেষ খসড়ায় সামরিক তৎপরতা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ সম্মেলনের শুরুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, 'বিশ্ব ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতি স্নায়ুযুদ্ধের পর আর দেখা যায়নি।'
প্রবা/এইচকে /এসআর