প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২২ ২০:২০ পিএম
বন্যার কারণে ভারতের আসামে পানিবন্দি হয়ে আছে লাখ লাখ মানুষ। নিজের পরিবার বন্যার জলে বন্দি এ কথা জেনেও দশের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছেন এক যুবক। একাই একশো জনের বেশি বন্যাপীড়িত মানুষের জীবন বাঁচিয়ে তিনি এখন আসামের ‘হিরো’।
সাহসী সেই ব্যক্তির নাম ক্যাপ্টেন রূপম দাস। আসামে এই নাম এখন মুখে মুখে ঘুরছে। পুরো আসামে ৪৭ লাখ মানুষ বন্যাকবলিত। গ্রামের পর গ্রাম, শহর, মফস্বল সব জলের তলিয়ে গেছে। মৃত্যু হয়েছে ৮২ জনের।
আসামের পাঠশালার বাসিন্দা রূপম। নিজের পরিবারও জলবন্দি। কিন্তু রূপমদের কাছে দশের সেবাই সবচেয়ে বড়। নিজের পরিবার বিপদে আছে জেনেও অন্য পরিবারগুলিকে বাঁচানোর তাগিদে ছুটে গিয়েছেন। তাঁর নেতৃত্বে সেনার একটি দল যেভাবে উদ্ধারকাজ চালিয়ে বন্যাপীড়িত মানুষগুলিকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছেন, তাঁর এই কাজকে কুর্নিশ জানিয়েছে ভারতীয় সেনাও।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্যাপ্টেন রূপম দাস যেভাবে উদ্ধারকাজ চালিয়েছেন, তার জন্য দেশবাসী গর্বিত। নিজের পরিবার বিপদে আছে জেনেও যে ভাবে দশের উদ্ধারে ছুটে গিয়েছেন, তা সত্যিই অভাবনীয়।’ সূত্র: আনন্দবাজার।