প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ২১:২৫ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ২১:৩১ পিএম
২০২২ সালে ভিন্ন ভিন্ন ১৮টি শতকোটি ডলার ক্ষতির আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগসংক্রান্ত ঘটনা পার করেছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
বড় মাপের ঘূর্ণিঝড়, দাবানল, খরার মুখে পড়ে যুক্তরাষ্ট্রে গত বছর ১৬ হাজার ৫০০ কোটি ডলারেরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এসব প্রাকৃতিক দুর্যোগের নেপথ্যে কলকাঠি নেড়েছে জলবায়ু পরিবর্তন। গত মঙ্গলবার মার্কিন সরকারের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সূত্র: এনবিসিনিউজ
২০২২ সালে ভিন্ন ভিন্ন ১৮টি শতকোটি ডলার ক্ষতির আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগসংক্রান্ত ঘটনা পার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) তথ্যানুসারে, শুধু ঘূর্ণিঝড় ইয়ানে দেশটির প্রায় ১১ হাজার ৩০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।
এনওএএর প্রশাসক রিচার্ড স্পিনার্ড বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে আরও তীব্র ও প্রবল দুর্যোগের ঘটনা দেখা যাচ্ছে, যা থেকে উল্লেখযোগ্য ক্ষতি হচ্ছে এবং প্রায়ই দাবানলের পর মারাত্মক খরা ও প্রলয়ঙ্করী বন্যার পর ভূমিধসের ঘটনা ঘটছে।’
স্পিনার্ড আরও বলেন, আরও এবং আরও বেশি আমেরিকান এবং আরও বেশি স্থান জলবায়ু পরিবর্তন ও প্রতিকূল আবহাওয়ার ঝুঁকিতে রয়েছে। মানুষ এ পরিবর্তনের প্রভাব প্রতিনিয়ত দেখতে পাচ্ছে নিজ বাসস্থানে, কর্মস্থলে ও খেলার জায়গায়।
এনওএএর ন্যাশনাল সেন্টারস ফর এনভায়রনমেন্টাল ইনফরমেশন (এনসিইআই) নিজেদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ১৬ হাজার ৫০০ কোটি ডলারেরও বেশি ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে ২০২২ সাল। বাদবাকি দুটি স্থানে রয়েছে ২০১৭ সাল (ঘূর্ণিঝড় হার্ভে ও ইরমা) এবং ২০০৫ সাল (ঘূর্ণিঝড় ক্যাটরিনা)।
এনসিইআই বলছে, কেন্দ্রীয় ও পূর্ব যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড় আঘাত হানার পর এ বছর ক্ষয়ক্ষতির খরচ আরও বৃদ্ধি পেতে পারে।