প্রবা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২২ ১০:৫৩ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২২ ১২:২৫ পিএম
ছবি : বিবিসি
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বোমা হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তা। মসজিদে সন্ধ্যার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে।
আলজাজিরা প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (১৭ আগস্ট) কাবুলের উত্তরাঞ্চলের খায়ের খান্নার সিদ্দিকিয়া মসজিদে এ হামলার ঘটনা ঘটে।
ইতালির বেসরকারি সংস্থা ইমারজেন্সি জানিয়েছে, তারা বিস্ফোরণে আহত ২৭ রোগীর চিকিৎসা করছে, যাদের মধ্যে তিনজন মারা গেছেন। আহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে বলে জানায় তারা।
একজন নিরাপত্তা কর্মকর্তা আলজাজিরাকে বলেছেন, বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন এবং ৪০ জন আহত হয়েছেন।
অন্যদিকে, অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সি তাদের প্রতিবেদনে অন্তত ১০ জন নিহতের কথা জানিয়েছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় নিহত ও আহতদের কথা নিশ্চিত করেন। তবে তা কতজন সেটি উল্লেখ করেননি।
টুইটে তিনি বলেন, বেসামরিক মানুষদের হত্যাকারী শীঘ্রই তাদের অপরাধের জন্য শাস্তি পাবে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রয়টার্সকে জানান, একটি মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অনেক হতাহত হয়েছে, তবে তার সংখ্যা এখনও নিশ্চিত নই।
প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানায়, মসজিদকে লক্ষ্য করে করা এ শক্তিশালী বিস্ফোরণে আশেপাশের ভবনগুলোর জানালাও ভেঙে যায়।
নাম প্রকাশ না করার শর্তে আরেক প্রত্যক্ষদর্শী এপিকে জানিয়েছেন, মসজিদের ইমাম মোল্লা আমির মোহাম্মদ কাবুলি নিহতদের মধ্যে একজন।
তালেবানরা পুরো দেশে নিরাপত্তা জারি করতে সক্ষম হয়েছে দাবি করে থাকে। কিন্তু এরই মধ্যে আফগানিস্তানজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়মিত আক্রমণ দেখা যায়। সাম্প্রতিক মাসগুলোতে এ হামলার অনেকগুলোর দায় স্বীকার করেছে আইএসআইএল-এর সহযোগী সংস্থা নামে পরিচিত ইসলামিক স্টেট ইন খোরাসান প্রদেশ, আইএসকেপি (আইএসআইএস-কে)৷
গত সপ্তাহেই একজন বিশিষ্ট তালেবান ধর্মীয় নেতা শেখ রহিমুল্লাহ হাক্কানি কাবুলের একটি সেমিনারিতে বোমা হামলায় নিহত হয়েছেন বলে জানান তালেবান কর্মকর্তারা। সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) এ হামলার দায় স্বীকার করে নেয়।
জুনে কাবুলের একটি শিখ মন্দিরে হামলার দায় স্বীকার করে আইএসকেপি। এতে দুজন নিহত হন।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সদস্যদের প্রত্যাহারের মধ্য দিয়ে আগস্ট ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান। তবে কোনো দেশ এখনও তালেবানের সরকারকে স্বীকৃতি দেয়নি।
প্রবা/এনএস/এমজে