ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্রিটানিকা
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের রাজনৈতিক মিত্রদের পকেট ভারী করতে, ভোটারদের তথ্য হাতিয়ে নিতে ও উগ্র খ্রিস্টান জাতীয়তাবাদী আদর্শ প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের করা এক তদন্ত প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। খবর দ্য গার্ডিয়ানের।
শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি হচ্ছে। মার্কিন প্রতিনিধি পরিষদের প্রাকৃতিক সম্পদ বিষয়ক কমিটির ওভারসাইট ও ইনভেস্টিগেশন সাবকমিটি গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ন্যাশনাল পার্ক ফাউন্ডেশনের (এনপিএফ) আড়ালে একটি ছায়া করপোরেশনের মাধ্যমে ট্রাম্প প্রশাসন ব্যাপক দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অনৈতিক সুবিধা আদায়ের জাল তৈরি করেছে।
এই ঐতিহাসিক উদযাপনটি নির্দলীয়ভাবে আয়োজনের লক্ষ্যে ২০১৬ সালে কংগ্রেস ‘আমেরিকা ২৫০’ নামের একটি কমিশন গঠন করেছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন এই কমিটিকে দলীয় রূপ দিতে চাপ প্রয়োগ করে। এতে ব্যর্থ হয়ে তারা কংগ্রেসের চার্টার্ড এনপিএফের অধীনে ‘ফ্রিডম ২৫০’ নামে সম্পূর্ণ নতুন একটি সংগঠন তৈরি করে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত মেরেডিথ ও’রক ও ক্রিস লাসিভিটার মতো ব্যক্তিদের এনপিএফ বোর্ডে বসিয়ে হোয়াইট হাউস কার্যত করমুক্ত ও জবাবদিহিতার বাইরের একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে।
তদন্তকারী ডেমোক্র্যাটরা জানিয়েছেন, ‘ফ্রিডম ২৫০’ প্রতারণার মাধ্যমে ‘আমেরিকা ২৫০’-এর তহবিলের দিক ঘুরিয়ে দিয়েছে। দাতাদের ভুল বুঝিয়ে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে, যা সুস্পষ্ট জালিয়াতি। বিনোদনজগতেও এই প্রতারণা ছড়িয়েছে। গ্রেট আমেরিকান স্টেট ফেয়ারের জন্য শিল্পী মার্টিনা ম্যাকব্রাইড ও ইয়াং এমসিকে এটি একটি নির্দলীয় অনুষ্ঠান বলে নিয়ে আসা হলেও পরে দেখা যায়, এটি মূলত ট্রাম্পের একটি রাজনৈতিক সমাবেশ।
ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জ্যারেড হাফম্যান ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের মতো সম্মানজনক উদযাপনকে ট্রাম্পের ব্যক্তিগত প্রচার ও বিভাজনের হাতিয়ারে পরিণত করা হচ্ছে। জনগণের করের টাকা কীভাবে অপচয় করা হচ্ছে, সেটি সবার সামনে তুলে ধরতে চাই।”