× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্রের বিশ্বজয়: ৮০টির বেশি দেশে রপ্তানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুলাই ২০২৬ ১৭:২৯ পিএম

আপডেট : ৪ ঘণ্টা আগে

‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্রের বিশ্বজয়: ৮০টির বেশি দেশে রপ্তানি

ভারতের প্রতিরক্ষা শিল্প আন্তর্জাতিক বাজারে দ্রুত শক্ত অবস্থান তৈরি করছে। ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্র এখন বিশ্বের ৮০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, পিনাকা রকেট লঞ্চার, অত্যাধুনিক আর্টিলারি গান ও বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশি ক্রেতাদের আকর্ষণ করছে।

গত মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং জানান, ভিয়েতনামের সঙ্গে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রপ্তানির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি ইন্দোনেশিয়ার সঙ্গে একই ধরনের একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এর আগে ২০২২ সালের জানুয়ারিতে ফিলিপাইন ভারতের সঙ্গে প্রথম ব্রহ্মোস রপ্তানি চুক্তি করে। ৩৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের ওই চুক্তির আওতায় তিনটি উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যাটারি সরবরাহ করা হচ্ছে। প্রথম ব্যাটারি ২০২৪ সালের এপ্রিলে, দ্বিতীয়টি ২০২৫ সালের এপ্রিলে সরবরাহ করা হয়েছে এবং তৃতীয়টির সরবরাহ প্রক্রিয়াধীন রয়েছে।

ভিয়েতনামের সঙ্গে হওয়া নতুন চুক্তির মূল্য প্রায় ৬২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। এতে উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, অপারেটরদের প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, প্রযুক্তি হস্তান্তর, যৌথ গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) এবং প্রতিরক্ষা সরঞ্জামের সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার লক্ষ্যে ভারতের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ইন্দোনেশিয়া। চুক্তি সম্পন্ন হলে ফিলিপাইন ও ভিয়েতনামের পর ব্রহ্মোস ব্যবস্থার তৃতীয় আসিয়ান ব্যবহারকারী হবে দেশটি।

ভারতের সেনাবাহিনীর নর্দান কমান্ডের সাবেক জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল (অব.) দীপেন্দ্র সিং হুডা বলেন, ভারতের প্রতিরক্ষা রপ্তানির সম্প্রসারণ কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি একটি কাঠামোগত পরিবর্তনের প্রতিফলন। তাঁর মতে, ব্রহ্মোস, আকাশ, পিনাকা, রাডার, আর্টিলারি, টহল জাহাজ এবং বিভিন্ন মহাকাশ ও প্রতিরক্ষা উপাদান ভারতের রপ্তানি সক্ষমতাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে।

ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এবং রাশিয়ার এনপিও মাশিনোস্ত্রোয়েনিয়ার যৌথ উদ্যোগে তৈরি। ১৯৯৮ সালে এর উন্নয়ন শুরু হয়। ক্ষেপণাস্ত্রটি প্রায় ম্যাক ২.৮ গতিতে উড়তে পারে, ২০০ থেকে ৩০০ কেজি ওয়ারহেড বহনে সক্ষম এবং সর্বাধুনিক সংস্করণে এর পাল্লা প্রায় ৪৫০ কিলোমিটার।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে দেশটির প্রতিরক্ষা রপ্তানির পরিমাণ ছিল মাত্র ৬৮৬ কোটি রুপি। আর ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে সর্বোচ্চ ৩৮ হাজার ৪২৪ কোটি রুপিতে পৌঁছেছে। যা আগের অর্থবছরের তুলনায় ৬২ দশমিক ৬৬ শতাংশ এবং এক দশকের ব্যবধানে প্রায় ৫৬ গুণ বেশি।

বর্তমানে ভারতের প্রতিরক্ষা পণ্য ৮০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। প্রতিরক্ষা রপ্তানিতে সক্রিয় প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫টিতে। ২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর রপ্তানি ১৫১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২১ হাজার ৭১ কোটি রুপিতে পৌঁছায়। একই সময়ে বেসরকারি খাতের রপ্তানি ১৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ৩৫৩ কোটি রুপিতে।

প্রতিরক্ষা উৎপাদন ও কৌশলগত বিশ্লেষক মেজর জেনারেল (অব.) সঞ্জীব খান্না বলেন, ভারতের সাফল্যের পেছনে প্রথমে এসেছে নীতিগত পরিবর্তন, এরপর উন্নতমানের পণ্যের উৎপাদন। তাঁর মতে, এর সবচেয়ে বড় উদাহরণ ১৫৫ মিলিমিটার আর্টিলারি গান।

প্রায় তিন দশক স্থবির থাকার পর ভারত এখন নিজস্ব প্রযুক্তিতে তৈরি অ্যাডভান্সড টোয়েড আর্টিলারি গান সিস্টেম (এটিএজিএস) বিদেশে রপ্তানি করছে। ডিআরডিও, ভারত ফোর্জ এবং টাটা অ্যাডভান্সড সিস্টেমসের যৌথ উদ্যোগে তৈরি এই ১৫৫ মিলিমিটার/৫২-ক্যালিবার হাউইটজার পরীক্ষায় ৪৮ দশমিক ০৭ কিলোমিটার পর্যন্ত গোলা নিক্ষেপে সক্ষমতা দেখিয়েছে।

২০২৩ সালে আর্মেনিয়ায় এই এটিএজিএসের ছয়টি ইউনিট সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে দেশটি ভারতের তৈরি পিনাকা মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার এবং আকাশ-১এস ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও সংগ্রহ করেছে, যা ২০২৬ সালের শুরুতে ইয়েরেভানের সামরিক কুচকাওয়াজে প্রদর্শিত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা