প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র এবং ইরানের পতাকা। ছবি: সংগৃহীত
সামরিক সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আগামী মঙ্গলবার কাতারে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান।
সংবাদমাধ্যম অ্যাক্সিওস রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি নিশ্চিত করতে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) বিভিন্ন ধারার ব্যাখ্যা নিয়ে উভয় পক্ষের ভিন্ন অবস্থানের কারণে নতুন করে উত্তেজনা ও সংঘাতের সৃষ্টি হয়। বিশেষ করে হরমুজ প্রণালি-সংক্রান্ত বিধানকে ঘিরেই মতবিরোধ দেখা দেয়।
যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, “আমরা সব ধরনের সামরিক অভিযান (কাইনেটিক অ্যাক্টিভিটি) বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।”
সমঝোতা স্মারক অনুযায়ী, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেয় ইরান। অন্যদিকে, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারে সম্মত হয় যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধিদল হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সমন্বয়ের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মধ্যে একটি হটলাইন চালুর বিষয়ে একমত হয়।
তবে শনিবার পর্যন্ত ওই হটলাইন চালু হয়নি। এদিকে ইরান আবারও জানায়, প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে তাদের সঙ্গে সমন্বয় করেই যাতায়াত করতে হবে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবারের বৈঠকটি প্রথমে সুইজারল্যান্ডে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করার জন্য নির্ধারিত ছিল। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার কারণে বৈঠকের স্থান পরিবর্তন করে কাতারের রাজধানী দোহা নির্ধারণ করা হয় এবং আলোচনার মূল বিষয়বস্তু হয় হরমুজ প্রণালি।
এর আগে রবিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সাম্প্রতিক সংঘাত পুনরায় শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা স্থবির হয়ে পড়েছে।