আনাদোলু
প্রকাশ : ২৫ জুন ২০২৬ ১৫:২১ পিএম
ভেনেজুয়েলায় ইন্টারনেট বিপর্যয়। ছবি: আনাদোলু
ভেনেজুয়েলায় বুধবার আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের ফলে রাজধানী কারাকাসসহ দেশজুড়ে ইন্টারনেট ও বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক ধস নেমেছে।
ভূমিকম্পে দেশটির বিদ্যুৎ ও টেলিযোগাযোগ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নেটব্লকস জানায়, ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর নেটওয়ার্ক ডেটা বিশ্লেষণে ইন্টারনেট সংযোগে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে।
এই বিপর্যয় এমন এক সময়ে এলো যখন ভেনেজুয়েলার কর্তৃপক্ষ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে ব্যস্ত। ভূমিকম্পের ফলে উত্তর ভেনেজুয়েলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে এবং জরুরি উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।
এর আগে সরকারি কর্মকর্তারা ভূমিকম্পের পর অবকাঠামোর ব্যাপক ক্ষতির কথা জানান। উদ্ভূত পরিস্থিতিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।