নিউইয়র্কে একটি নির্বাচন-পরবর্তী পর্যবেক্ষণ অনুষ্ঠানে মেয়র জোহরান মামদানি ডেমোক্র্যাটিক কংগ্রেস প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ারের সঙ্গে উদযাপন করছেন। ছবি: এপি
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সমর্থিত প্রগতিশীল প্রার্থীরা নিউইয়র্কের বহুল আলোচিত ডেমোক্রেটিক কংগ্রেসনাল প্রাইমারিতে প্রতিষ্ঠিত ডেমোক্র্যাটদের বিরুদ্ধে বড় ধরনের বিজয় অর্জন করেছেন।
এই নির্বাচনে দুইজন বর্তমান কংগ্রেসম্যান পরাজিত হয়েছেন, যা যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরের এই ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক নেতার ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাবের স্পষ্ট প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
মামদানির পছন্দের প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ারের কাছে মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারিতে কংগ্রেসনাল হিস্পানিক ককাসের নেতা এবং পঞ্চম মেয়াদের কংগ্রেসম্যান আদ্রিয়ানো এসপাইয়াত পরাজিত হন।
ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক এই প্রার্থী একসময় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ সংগঠনে ভূমিকা রেখেছিলেন।
অন্যদিকে, দুই মেয়াদের বর্তমান কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যান পরাজিত হন ম্যামদানি-সমর্থিত সাবেক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডারের কাছে।
নিউইয়র্কের প্রগতিশীল রাজনীতির পরিচিত মুখ ল্যান্ডার দীর্ঘদিন ধরেই গণতান্ত্রিক সমাজতান্ত্রিক আন্দোলনের প্রতি সহানুভূতি দেখিয়ে আসছেন।
এর পাশাপাশি ব্রুকলিন বরো প্রেসিডেন্ট আন্তোনিও রেইনোসোকে পরাজিত করেছেন মামদানির আরেক ঘনিষ্ঠ মিত্র, ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক স্টেট অ্যাসেম্বলি সদস্য ক্লেয়ার ভালদেজ।
রেইনোসো ছিলেন অবসর গ্রহণকারী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিডিয়া ভেলাজকুয়েজের মনোনীত উত্তরসূরি।
নিউইয়র্কের এই প্রাইমারি নির্বাচনের মাধ্যমেই নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে দলের প্রার্থীরা নির্ধারিত হবে।
আর সেই নির্বাচনেই ঠিক হবে কোন দল কংগ্রেসের নিয়ন্ত্রণ নেবে। এবং এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তার আইনগত কর্মসূচিকে সমর্থন বা বাধাগ্রস্ত করার ক্ষমতা কার হাতে থাকবে।
নিউইয়র্ক সিটির অধিকাংশ কংগ্রেসনাল জেলা দৃঢ়ভাবে বামঘেঁষা হওয়ায় এসব আসনের বিজয়ীদের নভেম্বরে চূড়ান্ত নির্বাচনে জয়লাভ প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
মঙ্গলবারের প্রাইমারিগুলো ৩৪ বছর বয়সী মেয়র মামদানির জন্য ছিল একটি বড় রাজনৈতিক ঝুঁকি।
একই সঙ্গে এটি ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তাদের আশঙ্কা, মামদানি ও তার সমর্থকরা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে দলটিকে অতিরিক্ত বামপন্থার দিকে ঠেলে দিতে পারেন।
এই ফলাফল ওয়াশিংটনের প্রতিষ্ঠিত ডেমোক্র্যাটদের জন্যও একটি স্পষ্ট বার্তা বহন করে।
বিশেষ করে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক নেতা হাকিম জেফরিজ মামদানির সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে প্রচার চালিয়েও পরাজয়ের মুখ দেখেছেন।
মামদানি ও তার সমর্থিত প্রার্থীরা গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এবং জীবনযাত্রার ব্যয় সংকটসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে মৌলিক পরিবর্তনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন।
নিজের মিত্রদের বিজয় উদযাপন করতে মামদানি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান এবং ঘোষণা দেন যে তার নির্বাচনি সাফল্য একটি নতুন রাজনৈতিক যুগের সূচনা করেছে।
ব্রুকলিনে ক্লেয়ার ভালদেজের বিজয়োৎসবে হাস্যোজ্জ্বল মামদানি বলেন, “এক বছর আগে এটি কোনো রাজনৈতিক আন্দোলনের সমাপ্তি ছিল না। বরং এটি ছিল তার সূচনা।”
এ সময় উপস্থিত সমর্থকেরা স্লোগান দিতে থাকেন।
পরে ম্যানহাটনে আভিলা শেভালিয়ারের বিজয়োৎসবে তিনি আরও বলেন, “আমরা দেখিয়ে দিচ্ছি যে আমাদের শহর ও আমাদের দেশের রাজনীতির জন্য একটি নতুন পথ রয়েছে।”
অন্যদিকে ওয়াশিংটনে হাকিম জেফরিজ মামদানি-সমর্থিত প্রার্থীদের প্রভাবকে খাটো করে দেখানোর চেষ্টা করেন।
ক্যাপিটল হিলে সাংবাদিকদের তিনি বলেন, “প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক ককাসের সদস্য সংখ্যা ২১৫। কোনো একটি বা দুটি অঙ্গরাজ্যে কয়েকটি প্রাইমারির ফলাফল আমাদের ডেমোক্র্যাট হিসেবে যে পরিচয় সেটাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে না।”