গলফ নিউজ
প্রকাশ : ১ ঘণ্টা আগে
প্রতীকী ছবি
শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার।
দেশটির এক মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) ব্যবহারের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ করা হয়েছে।
ইউএই সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, নতুন এই নিয়ম বাস্তবায়নের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ১২ মাসের একটি সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করবে।
ইদানীং শিশুদের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাত্রাতিরিক্ত ব্যবহার এবং এর ফলে সৃষ্ট ডিজিটাল ঝুঁকি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্টারনেটে অনুপযুক্ত কনটেন্ট, অনিরাপদ যোগাযোগ, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং অতিরিক্ত আসক্তির হাত থেকে শিশুদের সুরক্ষা দিতেই এই নীতিমালা তৈরি করা হয়েছে।
ইউএই সরকারের নতুন নীতিমালা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি বা এর ফিচার ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
১৫ থেকে ১৬ বছর বয়সীরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে, তবে তা হতে হবে নিয়ন্ত্রিত। তাদের জন্য বয়স-উপযোগী কনটেন্ট, সীমিত যোগাযোগ ব্যবস্থা, ব্যবহারের নির্দিষ্ট সময়সীমা এবং মা-বাবার নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা বাধ্যতামূলক।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে অবশ্যই নির্ভুল ও নির্ভরযোগ্য উপায়ে ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে। নিয়ম লঙ্ঘনকারী অ্যাকাউন্টগুলো দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে।
নতুন এই আইন অনুযায়ী, কোনো শিশুর বয়স ১৫ বছরের কম হলে মা-বাবার অনুমতি থাকলেও সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। অর্থাৎ, পারিবারিক অনুমতি আইনের ঊর্ধ্বে নয়।
বাণিজ্যিক উদ্দেশ্যে বা বিজ্ঞাপনের জন্য শিশুদের ডিজিটাল কার্যক্রম ট্র্যাকিং করা এবং তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
আইন অনুযায়ী, শিশুদের ডিজিটাল কর্মকাণ্ড তদারকি করা এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মূল দায়িত্ব অভিভাবকদের। শিশুদের নিরাপদ ও দায়িত্বশীল অনলাইন ব্যবহারে উৎসাহিত করতে অভিভাবকদের স্পষ্ট গাইডলাইন দেওয়া হবে।
দেশটির ন্যাশনাল মিডিয়া অথরিটি এবং টেলিকমিউনিকেশনস অ্যান্ড ডিজিটাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি এই আইন বাস্তবায়নে নজরদারি করবে। যদি কোনো প্ল্যাটফর্ম এই নিয়ম মানতে ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধে সতর্কবার্তা প্রদান, প্ল্যাটফর্ম আংশিক বা পূর্ণাঙ্গ বন্ধ এবং মোটা অঙ্কের প্রশাসনিক জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
সরকার জানিয়েছে, এই পদক্ষেপ সংযুক্ত আরব আমিরাতকে শিশু সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে বিশ্বজুড়ে এক অনন্য মডেলে পরিণত করবে এবং একটি নিরাপদ ডিজিটাল সমাজ গঠনে সহায়তা করবে।