× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেক্সিকোতে মেয়রকে গুলি করে হত্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ঘণ্টা আগে

মেক্সিকোতে মেয়রকে গুলি করে হত্যার ঘটনায় তদন্ত কাজ করছে দেশটির পুলিশ। ছবি: বাসস

মেক্সিকোতে মেয়রকে গুলি করে হত্যার ঘটনায় তদন্ত কাজ করছে দেশটির পুলিশ। ছবি: বাসস

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে মাদক কারবারিদের আধিপত্য বিস্তারের লড়াইয়ের মধ্যে এক মেয়রকে গুলি করে হত্যা করা হয়েছে। 

স্থানীয় সময় শনিবার মেক্সিকোর ওক্সাকা রাজ্যে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু রবিবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ওক্সাকা অঙ্গরাজ্যের প্রসিকিউটররা এক বিবৃতিতে জানান, প্রায় ৭ হাজার বাসিন্দার শহর সান মিগুয়েল আমাতিটলানের মেয়র জোয়েল ব্রাভো এক সশস্ত্র হামলায় নিহত হয়েছেন। তবে এই হামলার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য এখন পর্যন্ত জানানো হয়নি।

হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে রাজ্যের গভর্নর স্যালোমন জারা সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, “ওক্সাকায় আমরা আইন বা আমাদের সম্প্রদায়ের ইচ্ছার ওপর সহিংসতাকে কোনোভাবেই জয়ী হতে দেব না।”

প্রসিকিউটর অফিস জানিয়েছে, হামলার পরপরই তথ্য-প্রমাণ সংগ্রহ ও মরদেহ উদ্ধারের জন্য রাষ্ট্রীয় তদন্তকারী এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ফেডারেল বাহিনীর সহযোগিতায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও একটি বিশেষ কৌশলগত দল মোতায়েন করা হয়েছে।

নিহত জোয়েল ব্রাভো ন্যাশনাল অ্যাকশন পার্টিসহ মেক্সিকোর প্রধান বিরোধী দলগুলোর একটি জোটের সদস্য ছিলেন।

তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের পেছনের সঠিক উদ্দেশ্য সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানায়নি।

মেক্সিকোর বিভিন্ন অংশে, বিশেষ করে গ্রামীণ এলাকায় স্থানীয় কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেখানে অপরাধী চক্রগুলো প্রায়ই নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করে। 

গত মাসেই ওক্সাকা রাজ্যের আরেকটি শহর সান্তিয়াগো আমোলতেপেকের মেয়র মারিও হার্নান্দেজ গার্সিয়া এক হামলায় নিহত হন, যেখানে আরও দুজন প্রাণ হারিয়েছিলেন।

ভৌগোলিকভাবে ওক্সাকা রাজ্যটি প্রশান্ত মহাসাগরের উপকূল ঘেঁষে অবস্থিত হওয়ায় মাদক পাচারের রুট হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মূলত ‘জালিস্কো নুয়েভা জেনারেসিওন’ এবং ‘সিনালোয়া কার্টেল’—এই দুই শক্তিশালী মাদকচক্র সক্রিয় রয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সালে মেক্সিকোতে মাদক সংক্রান্ত সহিংসতা চরম আকার ধারণ করার পর থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ১০০ জন মেয়র হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা