× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হুঁশিয়ারি ইরান ও ইসরায়েলের

হামলা স্থগিত, যুদ্ধবিরতি ভঙ্গ হলে পাল্টা জবাব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুন ২০২৬ ০৯:৩০ এএম

আপডেট : ০৯ জুন ২০২৬ ০৯:৩১ এএম

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স

আপাতত একে অপরের ওপর হামলা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে ইরান ও ইসরায়েল। তবে যুদ্ধবিরতি আবার ভঙ্গ হলে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে উভয় পক্ষই।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার বলেন, তার দেশ ‘এই মুহূর্তে’ হামলা বন্ধ রেখেছে, তবে ‘ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি।’

এর কয়েক ঘণ্টা আগে ইরানের সশস্ত্র বাহিনী জানায়, তারা ‘কঠোর জবাব’ দেওয়ার পর সামরিক অভিযান স্থগিত করেছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, ইসরায়েল যদি আবার হামলা চালায়, বিশেষ করে লেবাননে, তাহলে আরও কঠোর ও বিধ্বংসী পদক্ষেপ নেওয়া হবে।

বৈরুতে রবিবার ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর জবাবে সোমবার ভোরে ইসরায়েল ইরানের সামরিক স্থাপনায় হামলা চালায়।

হোয়াইট হাউস জানিয়েছে, নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। এক ইসরায়েলি কর্মকর্তা জানান, ট্রাম্পের অনুরোধেই ইসরায়েল হামলা বন্ধ করেছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, “বিবি, সাবধান হও। আবার যুদ্ধ শুরু করলে খুব শিগগিরই তোমাকে একাই লড়তে হবে।”

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “ইসরায়েল ও ইরান অবিলম্বে যুদ্ধবিরতি চায়। শান্তি প্রতিষ্ঠার চূড়ান্ত আলোচনা এগিয়ে চলছে, তবে অজ্ঞতা বা বোকামি যেন এতে বাধা না হয়।”

টেলিভিশনে সোমবার দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, তিনি ট্রাম্পকে জানিয়েছেন যে ইসরায়েলের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তারা তা প্রয়োগ করছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, দ্বিতীয় দফার বিমান হামলায় দক্ষিণ-পশ্চিম ইরানের মাহশাহর শহরের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত করা হয়েছে, যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত রাসায়নিক উৎপাদন করা হতো বলে তাদের দাবি।

ইরানের জরুরি সেবা সংস্থার প্রধান জাফর মিয়াদফার জানান, ওই হামলায় মাহশাহরে ১৪ জন এবং তেহরানে একজন আহত হয়েছেন।

লেবাননেও হতাহতের খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার দক্ষিণ লেবাননের টাইর শহরে ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন রেড ক্রসের উদ্ধারকর্মী রয়েছেন।

অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, সোমবার সকালে তারা দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনা ও সামরিক যানবহর লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযান কমানোর জন্য চাপ দিয়ে আসছে, যাতে ইরানের সঙ্গে বৃহত্তর সমঝোতার পথ তৈরি হয়। ইরান চায়, সেই চুক্তির আওতায় লেবাননের সংঘাতও অন্তর্ভুক্ত থাকুক।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ কয়েকজন কর্মকর্তাকে হত্যা করে।

এরপর ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পাশাপাশি হরমুজ প্রণালিতে কার্যত অবরোধ সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়।

হিজবুল্লাহ ২ মার্চ ইসরায়েলে রকেট হামলা চালানোর পর লেবাননও এই সংঘাতে জড়িয়ে পড়ে। জবাবে ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা ও দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কার্যকর হয়নি। হিজবুল্লাহ এ চুক্তি প্রত্যাখ্যান করে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

ইরানের মার্টিয়ার্স ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, যুদ্ধে দেশটিতে ৩ হাজার ৪৬৮ জন নিহত হয়েছেন। তবে মানবাধিকার সংগঠন এইচআরএএনএর হিসাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৩ হাজার ৬৩৬, যার মধ্যে ১ হাজার ৭০১ জন বেসামরিক নাগরিক।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় সেখানে ৩ হাজার ৬১৩ জন নিহত হয়েছেন, যদিও নিহতদের মধ্যে কতজন যোদ্ধা বা বেসামরিক তা আলাদা করে উল্লেখ করা হয়নি।

ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েল-লেবানন সীমান্তে ৩০ জন ইসরায়েলি সেনা ও চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এ ছাড়া বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ইরানি হামলায় আরও ২৯ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। সংঘাত চলাকালে মোট ১৩ জন যুক্তরাষ্ট্রের সেনাসদস্যও নিহত হয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা