ডনের কার্টুন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ মে ২০২৬ ১৯:২৪ পিএম
আপডেট : ৩১ মে ২০২৬ ১৯:৩৮ পিএম
ডনের সম্পাদকীয় পাতায় রবিবার প্রকাশিত রোহাইল ভগবান্তের তুলিতে আঁকা গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন এবং ভূখণ্ড দখলের চিত্র ফুটে উঠেছে। ছবি: ডন ই-পেপার
পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডনের সম্পাদকীয় পাতায় রবিবার প্রকাশিত একটি কার্টুন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। কার্টুনিস্ট রোহাইল ভগবান্তের তুলিতে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন এবং ভূখণ্ড দখলের চিত্র ফুটে উঠেছে।
কার্টুনটিতে দেখা যাচ্ছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ডাইনিং টেবিলে বসে আছেন, যা মূলত ইসরায়েল রাষ্ট্রের প্রতীক হিসেবে চিহ্নিত। তার সামনে রাখা একটি প্লেটে ‘গাজা’ লেখা এক টুকরো ভূখণ্ড, যা অনেকটা কেক বা রুটির মতো দেখাচ্ছে। নেতানিয়াহু হাতে ছুরি ও কাঁটা-চামচ নিয়ে অত্যন্ত লোভাতুর ভঙ্গিতে জিহ্বা বের করে সেই গাজাকে ‘গোগ্রাসে’ গেলার প্রস্তুতি নিচ্ছেন।
কার্টুনটির উপরের অংশে একটি শিরোনাম যুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে: “নেতানিয়াহু গাজার ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছেন”। কার্টুনিস্ট এই সংবাদেরই এক ব্যঙ্গাত্মক রূপান্তর ঘটিয়েছেন। এখানে গাজাকে কেবল একটি যুদ্ধক্ষেত্র নয়, বরং একটি ‘ভোগ্যবস্তু’ হিসেবে দেখানো হয়েছে।