প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ মে ২০২৬ ১৯:৫৬ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৬ ০০:৫৩ এএম
পাকিস্তানের করাচি শহরের বালদিয়া টাউন এলাকায় এক নারীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। পরিবারের দাবি, গত ২৫ মে গভীর রাতে বাসায় অভিযান চালিয়ে হাবিবা পিরজান নামের ওই নারীকে নিয়ে যাওয়া হয় এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ২৫ মে রাত প্রায় ১২টা ৪০ মিনিটে বালদিয়া টাউনের নৌবাহিনী কলোনি সংলগ্ন গাশিন-ই-মজদুর তৃতীয় সড়কের একটি বাসভবনে অভিযান চালানো হয়। অভিযানে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি), মিলিটারি ইন্টেলিজেন্স (এমআই) এবং পুলিশের সদস্যরা অংশ নিয়েছিলেন বলে তারা অভিযোগ করেন।
স্বজনদের দাবি, অভিযানের সময় বাসার বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত করা হয় এবং দুটি মোবাইল ফোন, একটি হাতঘড়ি ও কিছু ব্যক্তিগত ডায়েরি নিয়ে যাওয়া হয়।
হাবিবা পিরজানের ছেলে ইয়াসির বালোচ অভিযোগ করেন, কোনো নারী পুলিশ সদস্য ছাড়াই কর্মকর্তারা তাদের বাড়িতে প্রবেশ করেন এবং তার মাকে জোরপূর্বক নিয়ে যান। তিনি আরও দাবি করেন, অভিযানের সময় তাকেও অস্ত্রের মুখে আটক করা হয়, চোখ বেঁধে একটি অজ্ঞাত স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ভোর সাড়ে ৪টার দিকে তাকে শের শাহ এলাকায় ছেড়ে দেওয়া হয়।
ইয়াসির বালোচের বক্তব্য অনুযায়ী, ঘটনার পর থেকে পরিবারের কাছে হাবিবা পিরজানের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পৌঁছায়নি। তিনি আরও দাবি করেন, এর আগেও ২০২২ সালের ২২ মে হাবিবা পিরজানকে আটক করা হয়েছিল এবং তিন দিন পর তাকে মুক্তি দেওয়া হয়।
পরিবারের পক্ষ থেকে হাবিবা পিরজানকে দ্রুত উদ্ধার করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তারা দাবি করেছে, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তবে তাকে আদালতে হাজির করা হোক, অন্যথায় অবিলম্বে মুক্তি দেওয়া হোক।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।