জালালাবাদে আফগান পরিবার বহনকারী একটি ট্রাক উল্টে যাওয়ার পর আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি: এএফপি
আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি ট্রাক উল্টে ১০ শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপিকে শনিবার এক প্রাদেশিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।
কয়েক দশকের সংঘাতের ফলে সৃষ্ট বেহাল রাস্তাঘাট, বেপরোয়া গাড়ি চালানো এবং কার্যকর নিয়ন্ত্রণের অভাবে আফগানিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনার দৃশ্য দেখা যায়।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, লাগমান প্রদেশের গভর্নরের মুখপাত্র আবদুল মালিক নিয়াজাই জানান, ট্রাকটিতে পাকিস্তান থেকে ফেরত আসা আফগান পরিবারের সদস্যরা ছিলেন। তারা পাকিস্তানেই বসবাস করতেন।
তিনি বলেন, নিহত ১৮ জনের মধ্যে ১০ শিশু, পাঁচ নারী ও তিন পুরুষ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৯ জন।
দুর্ঘটনাটি ঘটেছে পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদ ও রাজধানী কাবুলের মধ্যবর্তী সড়কে।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান সরকার দেশটিতে অবস্থানরত আফগান অভিবাসী ও শরণার্থীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। এর ফলে বিপুলসংখ্যক আফগান নাগরিক দেশে ফিরছেন। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যরা তাদের মালপত্র নিয়ে ট্রাকে করে যাত্রা করছেন।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত পাকিস্তান থেকে চার লাখ ৪৭ হাজার ৪০০ আফগান নাগরিক দেশে ফিরেছেন।
এর আগে গত বছরের আগস্টে পশ্চিম আফগানিস্তানে ইরান থেকে ফেরা আফগান অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে ১৯ শিশুসহ ৭৮ জন প্রাণ হারিয়েছেন।