আগুন নিভিয়ে ফেলার পর প্রায় ৭০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ছবি: বিবিসি
রোমানিয়ায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার একটি ড্রোন আঘাত হেনেছে। এ ঘটনায় ভবনটিতে আগুন লাগে এবং দুজন আহত হন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার ভোরে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া হামলা চালানোর সময় ড্রোনটি পূর্বাঞ্চলীয় শহর গালাতিতে বিধ্বস্ত হয়।
রোমানিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মহাপরিদর্শক দপ্তর জানিয়েছে, ড্রোনটি বিস্ফোরিত হওয়ায় আবাসিক ভবনটির ১০ম তলায় আগুন ধরে যায়।
চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের সময় এর আগেও কয়েকবার রুশ ড্রোন ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ার সীমান্ত অতিক্রম করেছে। তবে এবারই প্রথম রোমানিয়ার নাগরিক হতাহতের ঘটনা ঘটল। এ ঘটনায় তাতক্ষণিক কোনও মন্তব্য করেনি রাশিয়া।
রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘রুশ ফেডারেশনের পক্ষ থেকে গুরুতর ও দায়িত্বজ্ঞানহীন উসকানি’ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, ন্যাটোর মহাসচিবকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং রোমানিয়ায় দ্রুত অ্যান্টি-ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।
জরুরি সেবা বিভাগ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার আগে ভবনটি থেকে প্রায় ৭০ জনকে সরিয়ে নেওয়া হয়। আহত দুজনের শরীরে সামান্য আঘাত লাগে এবং তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
এক্সে দেওয়া এক বিবৃতিতে ন্যাটোর এক মুখপাত্র ‘রাশিয়ার বেপরোয়া আচরণের’ নিন্দা জানিয়ে বলেন, ড্রোনসহ সব ধরনের হুমকির বিরুদ্ধে জোট তাদের প্রতিরক্ষা আরও জোরদার করবে।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন শনাক্ত হওয়ার পর দুটি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করা হয়।
মন্ত্রণালয় আরও জানায়, “ড্রোনগুলোর একটি রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। রাডারের মাধ্যমে সেটিকে গালাতি শহরের দক্ষিণাংশ পর্যন্ত অনুসরণ করা হয়। পরে এটি একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদে আছড়ে পড়ে এবং এতে আগুন লাগে।”
গালাতির পাশ দিয়ে প্রবাহিত দানিউব নদী ইউক্রেনের সঙ্গে সীমান্ত গঠন করেছে। নদীসংলগ্ন ইউক্রেনীয় বন্দরগুলো প্রায়ই রুশ বিমান হামলার লক্ষ্যবস্তু হয়।
গত এপ্রিলেও গালাতিতে আরেকটি রুশ ড্রোন আঘাত হানে। সেবার কিছু স্থাপনার ক্ষতি হলেও কেউ আহত হয়নি।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে দেশটির ভূখণ্ডে মোট ৪৭ বার ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এর মধ্যে চলতি বছরেই এমন ঘটনা ঘটেছে ১২ বার।