প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মে ২০২৬ ২০:৫৫ পিএম
আপডেট : ২৮ মে ২০২৬ ২১:০৩ পিএম
ক্রিস মারফি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: ইউএনএন
ট্রাম্প একের পর এক ভুল করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের এক ডেমোক্র্যাটিক সিনেটর। তিনি বলেন, ওমানকে উড়িয়ে দেওয়ার কথাটা ছিলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক প্রকার হুমকি।
বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
ওয়াশিংটনের দীর্ঘদিনের নির্ভরযোগ্য মিত্র ওমান হরমুজ প্রণালি পুনরায় সচল করার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছিল। কিন্তু ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ বা শুল্ক আদায় করতে পারে—এমন কিছু আন্তর্জাতিক প্রতিবেদনের সূত্র ধরে ট্রাম্প ক্ষুব্ধ হন।
মন্ত্রিসভার এক বৈঠকে বুধবার ওমানকে “উড়িয়ে দেওয়ার” প্রকাশ্য হুমকি দেন ট্রাম্প। ট্রাম্পের এই আগ্রাসী ও বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে কানেকটিকাটের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেন, ওমানকে উড়িয়ে দেওয়ার এই হুমকি প্রমাণ করে যে “ইরান যুদ্ধটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে” এবং ট্রাম্প প্রশাসন একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে চলেছে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের কাছ থেকেই তীব্র সমালোচনার শিকার হয়েছেন।