প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ মে ২০২৬ ২১:৫৮ পিএম
আপডেট : ২৪ মে ২০২৬ ২২:১৩ পিএম
লেবাননে ইসরায়েলি বিমান হামলার পর বৈরুতের আকাশে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি: এপি
ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ১০টি শহরকে টার্গেট করে হুঁশিয়ার বার্তা জারি করেছে। এসব এলাকায় শিগগিরই হামলা চালানো হবে বলে ইঙ্গিত দিয়েছে ইসরায়েল।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে রবিবার এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুসারে, ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করে হামলা চালানোর আগে দেশটির ১০টি শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার বার্তা দিয়েছে ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, লেবাননের মাশঘাটা, দেইর-আর-জাহরানি, আল-শারকিয়া, দৌয়ের, কালিয়ে, সোমর, জিবদিন, নাবাতিয়ে আত-তাহতা, আরবসেলিম এবং কাফার জৌজের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সেখানকার বাসিন্দাদের এসব অঞ্চল থেকে অন্তত এক কিলোমিটার দূরে চলে যেতে বলা হয়েছে।
ইসরায়েল সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল আভিচাই আদরাই বলেছেন, হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে আইডিএফ তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে বাধ্য হচ্ছে। এসব অঞ্চলের সাধারণ নাগরিকদের কোনো ক্ষতি করার উদ্দেশ্য নেই বলে জানান এই কর্মকর্তা।
এদিকে যুদ্ধবিরতি চললেও লেবাননে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। অন্যদিকে হিজবুল্লাহও পাল্টা জবাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।