প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬ ২১:৪১ পিএম
আপডেট : ২২ মে ২০২৬ ২১:৪৪ পিএম
সুইডেনের হেলসিংবর্গে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলো নিয়ে ন্যাটোর সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
আল জাজিরার প্রতিবেদন অনুসারে সুইডেনের হেলসিংবর্গে অনুষ্ঠিত বৈঠকে সাংবাদিকদের সঙ্গে শুক্রবার তিনি এ কথা বলেন।
রুবিও বলেন, “হরমুজ প্রণালিতে যদি কেউ গুলি চালায়, তবে তার জন্য আমাদের একটি বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ থাকতে হবে।”
ইরান প্রসঙ্গে রুবিও বলেন, আদর্শগত জায়গা থেকে তাদের প্রণালিটি খুলে দেওয়া উচিত।
এসময় বিকল্প পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের বিকল্প পরিকল্পনা থাকা দরকার, কারণ ইরান যদি বলে, ‘না, আমরা প্রণালিটি খুলতে রাজি নই’, তাহলে কী হবে?”
রুবিও বলেন, যুক্তরাষ্ট্রসহ সব দেশের এ বিষয়ে ভাবা উচিত যে, কিছু একটা করতে হবে।
তবে ন্যাটোর এতে জড়িত হওয়া উচিত কিনা, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে রুবিও বলেন, “সিদ্ধান্তের বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে–আমরা এখনও লক্ষ্যে পৌঁছাইনি। আশাকরি এর পরিবর্তন হবে, তবে নাও হতে পারে।”