প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ মে ২০২৬ ১৬:৫৯ পিএম
জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল। ফাইল ছবি: রয়টার্স
জার্মানি হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্যের নেতৃত্বে একটি আন্তর্জাতিক মিশনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল। তবে তিনি এটাকে ন্যাটো মিশন হিসেবে দেখছেন না।
সুইডেনের হেলসিংবার্গে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে বার্লিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জার্মানির এই সামরিক প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেন।
আল জাজিরার প্রতিবেদন অনুসারে শুক্রবার তিনি এ তথ্য জানান।
ওয়েডফুল বলেছেন, যুক্তরাষ্ট্র যে সৈন্য স্থানান্তর করবে তা সবসময়ই স্পষ্ট ছিল। তিনি চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সেই ঘোষণার কথা উল্লেখ করেন, যেখানে বলা হয়েছিল যে, তারা আগামী ৬-১২ মাসের মধ্যে দেশটি থেকে প্রায় ৫ হাজার সৈন্য প্রত্যাহার করে নেবে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার যুক্তরাষ্ট্রের সৈন্য মোতায়েনের বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন এবং জার্মানি যুক্তরাষ্ট্রকে জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের মূল পরিকল্পনায় অটল থাকারও আহ্বান জানান।