প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ মে ২০২৬ ১৮:৩০ পিএম
ডন পত্রিকার সম্পাদকীয় পাতায় বৃহস্পতিবার প্রকাশিত কার্টুনিস্ট জহুরের আঁকা ব্যঙ্গচিত্র। ছবি: ডন
পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়ে ঐতিহাসিক এক সিরিজ জয় করেছে বাংলাদেশ। ঘরের মাঠে সফরকারী পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে বাংলাওয়াশ করার বিরল কৃতিত্ব দেখিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের এই দাপুটে পারফরম্যান্সের প্রতিফলন ঘটেছে খোদ পাকিস্তানের প্রভাবশালী সংবাদপত্র ডনে প্রকাশিত একটি ব্যঙ্গচিত্রে (কার্টুন)।
ডন পত্রিকায় বৃহস্পতিবার প্রকাশিত কার্টুনিস্ট জহুরের আঁকা চিত্রটিতে দেখা যায়, বাংলাদেশ লেখা একটি ক্রিকেট বল সজোরে আঘাত করছে পাকিস্তানের স্টাম্পে। বলের আঘাতে ‘PAK’ লেখা স্টাম্পগুলো এলোমেলো হয়ে উড়ে যাচ্ছে, আর বেলগুলো ছিটকে পড়ছে শূন্যে। এই একটি ছবির মাধ্যমেই পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ এবং বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য ফুটিয়ে তোলা হয়েছে।
মিরপুর ও সিলেটে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিতেই দাপট দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের শেষ ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের ধারা বজায় রাখে বাংলাদেশ। এই ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানের ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।