ডোনাল্ড ট্রাম্প। ছবি: এফপি
ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি চাইলে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদেও নির্বাচন করতে পারেন।
যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, ইসরায়েলে তিনি অত্যন্ত জনপ্রিয়।
ট্রাম্প বলেন, “হয়তো এই দায়িত্ব শেষ করার পর আমি ইসরায়েলে যাব, প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। একটি জরিপ দেখেছি, সেখানে আমার জনপ্রিয়তা ৯৯ শতাংশ। এটা তো দারুণ।”
তবে তিনি কোন জরিপের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি। এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।
বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৯৬ সাল থেকে বিভিন্ন মেয়াদে তিনি এ পদে রয়েছেন। চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ট্রাম্প নেতানিয়াহুর ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত।
ইরান যুদ্ধের পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তার কথা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তিনি ভালো আছেন। তিনি খুব ভালো মানুষ। আমি যা চাইব, তিনি তাই করবেন। তিনি সত্যিই একজন দারুণ ব্যক্তি।”
ট্রাম্প আরও বলেন, “ভুলে গেলে চলবে না, নেতানিয়াহু যুদ্ধকালীন সময়ের প্রধানমন্ত্রী ছিলেন। আমার মতে, ইসরায়েলে তাকে যথাযথ সম্মান দেওয়া হয় না।”
সূত্র: ইউএসএ টুডে