প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ মে ২০২৬ ১৬:০৮ পিএম
আপডেট : ২৪ মে ২০২৬ ০১:০৬ এএম
পাকিস্তানের মানবাধিকার কমিশন (এইচআরসিপি) বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, এসব অঞ্চলে জোরপূর্বক গুম, টার্গেট কিলিং এবং জঙ্গি হামলার মধ্যে সাধারণ মানুষ ক্রমেই অনিরাপদ হয়ে পড়ছে।
এক বিবৃতিতে এইচআরসিপি জানায়, বেলুচিস্তানে গওয়াদর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্য এবং আরও দুই কর্মকর্তা গওয়াদর থেকে কোয়েটায় যাওয়ার পথে মাসতুঙ এলাকায় অপহৃত হওয়ার অভিযোগ রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। প্রধান সড়কগুলোতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
সংস্থাটি আরও জানায়, নুশকিতে অধ্যাপক গামখোয়ার হায়াত হত্যাকাণ্ডেও তারা গভীরভাবে বিচলিত। এইচআরসিপির মতে, শিক্ষক ও শিক্ষাবিদদের অপহরণ বা হত্যার ঘটনা শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং এর প্রভাব গোটা সমাজ ও শিক্ষাব্যবস্থার ওপর পড়ে।
খাইবার পাখতুনখোয়ায় বান্নু, বাজাউর ও লাক্কি মারওয়াতে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার কথাও উল্লেখ করেছে সংস্থাটি। বিশেষ করে সারাই নওরাংয়ের জনাকীর্ণ বাজারে বোমা হামলাকে উদ্বেগজনক উল্লেখ করে বলা হয়, জঙ্গি সহিংসতার ধারাবাহিকতায় বেসামরিক নাগরিক, পুলিশ সদস্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা নির্বিচারে প্রাণ হারাচ্ছেন।
এইচআরসিপি সরকারকে শুধু নিন্দা জানিয়ে দায় শেষ না করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, নিখোঁজ বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের দ্রুত উদ্ধার, হামলাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের জবাবদিহির আওতায় আনা এখন জরুরি হয়ে পড়েছে।