প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ মে ২০২৬ ১২:৫৬ পিএম
আপডেট : ২২ মে ২০২৬ ২৩:৩৩ পিএম
বেলুচিস্তানের বিশিষ্ট সাহিত্যিক, কবি ও শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ খান, যিনি সাহিত্যাঙ্গনে ‘গামখওয়ার হায়াত’ নামে পরিচিত ছিলেন, সশস্ত্র হামলায় নিহত হয়েছেন। শনিবার নুশকির উপকণ্ঠে কিল্লি মেঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, অধ্যাপক হায়াত কুয়েটার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত এলাকা ত্যাগ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নুশকি টিচিং হাসপাতালে নিয়ে যায়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
অধ্যাপক গামখওয়ার হায়াত নুশকি ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্রাহুই ও বেলুচি ভাষার একজন খ্যাতিমান সাহিত্যিক, কবি, ছোটগল্পকার ও অনুবাদক হিসেবে সুপরিচিত ছিলেন।
তার রচিত ১৫টিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম ও প্রবন্ধ বেলুচি ভাষায় অনুবাদ করেন। তার কবিতার বড় একটি অংশ ব্রাহুই ভাষায় রচিত, যা সাহিত্যপ্রেমীদের মধ্যে বিশেষ সমাদৃত।
তার মৃত্যুতে বেলুচিস্তানের সাহিত্যাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সাহিত্যিক, শিক্ষক ও সংস্কৃতিকর্মীরা এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।