প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মে ২০২৬ ২২:২৫ পিএম
আপডেট : ১৭ মে ২০২৬ ২২:৩৯ পিএম
কঙ্গের গোমা শহরে একজন স্বাস্থ্যকর্মী দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করছেন। ছবি: এএফপি
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ইবোলার বুন্ডিবুগিও ভাইরাসের ৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া এ সংক্রমণে সন্দেহভাজন শনাক্ত করা হয়েছে ২৪৬ জন রোগী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব বৈশিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা বলে ঘোষণা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা রবিবার এই ঘোষণা দেয়।
ইবোলা একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা রক্ত এবং বমির মতো শারীরিক তরলের মাধ্যমে ছড়ায়। এর মৃত্যুহার অনেক বেশি, বিশেষ করে যাদের উন্নত চিকিৎসার পরিবেশ নেই, তাদের জন্য এটা ভয়াবহ।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান রবিবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জরুরি কমিটি ডাকার আগেইে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানম গেব্রেয়াসুস এই ঘোষণা করেন।
বিশেষজ্ঞরা বলেছেন, এমন দ্রুত পদক্ষেপ সম্ভবত পরিস্থিতির ভয়াবহতাকেই ইঙ্গিত করে।
আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (আফ্রিকা সিডিসি) শুক্রবার জনসমক্ষে এই প্রাদুর্ভাবের কথা ঘোষণা করলেও জানিয়েছে যে, এটি কখন শুরু হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।