প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৬:৫৮ পিএম
আপডেট : ১৭ মে ২০২৬ ১৭:১৪ পিএম
মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি বহুতল আবাসিক ভবন। ছবি: বিবিসি
রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন।
রাজধানী ও এর আশপাশের এলাকায় শনিবার রাতে এ হামলা চালানো হয়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী রবিবার দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুসারে আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিয়েভ জানিয়েছেন, হামলায় রাজধানীর উত্তরে খিমকি এলাকায় এক নারী মারা যান, তার মরদেহ বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান এখানকার বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পোগোরেলকি গ্রামে এক পুরুষ ও এক নারী নিহত হয়েছেন।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, শহরের একটি তেল শোধনাগারে হামলায় ১২ জন আহত হয়েছেন। এর কাছাকাছি তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, এ হামলায় ৫৫৬টি ড্রোন প্রতিহত করা হয়েছে।
এছাড়াও ইউক্রেনের মধ্যাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলা ও গোলাবর্ষণে অন্তত আটজন আহত হয়েছেন।
এদিকে, মস্কোর ব্যস্ততম শেরেমেতিয়েভো বিমানবন্দরে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কেউ হতাহত হয়নি।
চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার এক ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ জন নিহত হয়েছেন। হয়তো তার প্রতিশোধ নিতেই রাতভর এমন হামলা চালায় ইউক্রেন।
টেলিগ্রামে করা এক পোস্টে রবিবার ভোরে ভোরোবিয়েভ লিখেছেন যে, “ভোর তিনটে থেকে বিমান প্রতিরক্ষা বাহিনী রাজধানী অঞ্চলে একটি বড় আকারের ইউএভি (ড্রোন) হামলা প্রতিহত করে আসছে”।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি কিয়েভ ও দেশটির অন্যান্য অঞ্চলে রাশিয়ার প্রাণঘাতী হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।