প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মে ২০২৬ ২০:৫৮ পিএম
আপডেট : ১৬ মে ২০২৬ ২২:০৯ পিএম
ইসরায়েলি হামলায় শুক্রবার নিহত হামাসের সামরিক শাখার কমান্ডার ইজ আল-দিন আল-হাদ্দাদের মরদেহ জানাজার জন্য বহন কনে নিয়ে যাচ্ছেন শোকাহতরা। ছবি: রয়টার্স
গাজায় বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান ইজ আল-দিন আল-হাদ্দাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে শনিবার এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হামাসের কর্মকর্তারা।
প্রতিবেদন অনুসারে, নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ১৯৭০ সালে জন্মগ্রহণকারী আল-হাদ্দাদ নিহত হয়েছেন।
শনিবার মধ্য গাজার আল আকসা শহীদ মসজিদে হাদ্দাদ, তার স্ত্রী এবং ১৯ বছর বয়সী মেয়ের জানাজা অনুষ্ঠিত হয়। তবে আল-হাদ্দাদের স্ত্রী ও সন্তান কীভাবে মারা গেছেন, তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি।
স্থানীয় চিকিৎসকদের মতে, ইসরায়েল শুক্রবার গাজায় অন্তত দুটি হামলা চালিয়েছে, এতে তিন নারী ও এক শিশুসহ সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তাদের সামরিক বাহিনী হামাস নেতাকে লক্ষ্য করে একটি বিমান হামলা চালিয়েছে। তবে বিবৃতিতে আল-হাদ্দাদের নিহতের বিষয়ে কিছু বলা হয়নি।
ইসরায়েলের দাবি, আল-হাদ্দাদ ‘হাজার হাজার ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সৈন্যদের হত্যা, অপহরণ এবং তাদের ক্ষতির জন্য দায়ী’।