প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মে ২০২৬ ১৭:৪৪ পিএম
আপডেট : ১৭ মে ২০২৬ ১৫:৩৮ পিএম
কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক
যোগাযোগমাধ্যমে ‘ট্রুথ সোশ্যাল’ শুক্রবার দেওয়া এক পোস্টে ট্রাম্প
এমনটাই জানান।
পোস্টে ট্রাম্প
লিখেন, ‘আমার নির্দেশে রাতে যুক্তরাষ্ট্রের বীর বাহিনী ও
নাইজেরিয়ার সশস্ত্র
বাহিনী বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র
থেকে নির্মূল করার জন্য একটি
সূক্ষ্ম পরিকল্পিত মিশন সম্পন্ন
করেছে। আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল
আল-মিনুকি ভেবেছিলেন তিনি আফ্রিকায় লুকিয়ে
থাকতে পারবেন, কিন্তু তিনি জানতেন না
যে, আমাদের কাছে এমন সব
উৎস রয়েছে যারা তার প্রতিটি
পদক্ষেপ সম্পর্কে আমাদের তথ্য দিচ্ছিল’।
তবে এই
অভিযানটি নাইজেরিয়ার ঠিক কোন স্থানে
পরিচালিত হয়েছে, সে বিষয়ে ট্রাম্প
তার পোস্টে বিস্তারিত কিছু জানাননি।
রয়টার্সের প্রতিবেদন
অনুসারে, নাইজেরীয়
বংশোদ্ভূত আল-মিনুকিকে ২০২৩
সালে জো বাইডেন প্রশাসনের
আমলেই ‘চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।
প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামপন্থী জঙ্গিদের হাত থেকে খ্রিস্টানদের রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য নাইজেরিয়া সরকারকে অভিযুক্ত করেছিলেন। তবে এবারের অভিযানের সফলতার জন্য ধন্যবাদ জানিয়েছে দেশটির সরকারকে।
অবশ্য নাইজেরিয়া
সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের
দাবি, দেশটির নিরাপত্তা বাহিনী খ্রিস্টান ও মুসলিম উভয়ের
ওপর হামলাকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধেই সমানভাবে ব্যবস্থা নিচ্ছে।
প্রতিবেদন অনুসারে, গত ডিসেম্বরে নাইজেরিয়ায় আইএস সংশ্লিষ্ট জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর থেকে পশ্চিম আফ্রিকায় আইএস ও আল-কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহ মোকাবিলায় নাইজেরিয়া সামরিক বাহিনীকে প্রশিক্ষণ এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তার জন্য ড্রোনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ২০০ সেনা মোতায়েন করে ওয়াশিংটন।
তবে নাইজেরিয়ার সামরিক কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সেনারা যুদ্ধে সরাসরি অংশ না নিয়ে কেবল পরামর্শকের ভূমিকা পালন করছে।