প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মে ২০২৬ ২২:৫১ পিএম
অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের উদ্দেশ্যে ইরানের তেহরানে জাতীয় ফুটবল দলের সদস্যদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন। ছবি: রয়টার্স
বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই শঙ্কার মধ্যে ছিল ইরান। মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও ভিসা জটিলতার কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তার ভেতরেই ফিফার কাঁধে ভর করে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে ইরান ফুটবল দলকে।
তেহরানের ঐতিহাসিক এঙ্গেলাব স্কয়ারে আয়োজিত হয় জাতীয় দলের এ বিদায়ী অনুষ্ঠান। হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতিতে পুরো এলাকা রূপ নেয় উৎসবমুখর জনসমুদ্রে। ইরানের পতাকা, ব্যানার ও দেশাত্মবোধক স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।
জাতীয় দলের খেলোয়াড়রা মঞ্চে উঠতেই করতালি ও উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকেরা। অনেকেই গায়ে জড়িয়েছিলেন জাতীয় দলের জার্সি।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বলেন, বিশ্বকাপে ইরান শুধু একটি ফুটবল দল হিসেবে নয়, বরং পুরো জাতির প্রতিনিধি হিসেবে মাঠে নামবে।
তার ভাষায়, দলটি দেশের সম্মান রক্ষার দায়িত্ব নিয়ে বিশ্বমঞ্চে অংশ নেবে।
তিনি আরও মন্তব্য করেন, ইরান দলকে এখন ‘যুদ্ধকালীন ফুটবল দল’ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যারা আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থান ও প্রতিরোধের প্রতীক হিসেবে কাজ করবে।
জাতীয় দলের কোচ আমি ঘালেনোই খেলোয়াড়দের প্রতি মনোযোগ, শৃঙ্খলা ও লড়াকু মানসিকতার ওপর জোর দিয়ে বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সম্মানজনক পারফরম্যান্স উপহার দেওয়াই তাদের লক্ষ্য।
বিশ্বকাপের আগে তুরস্কে প্রাথমিক প্রস্তুতি ক্যাম্প করবে দলটি। এরপর টুর্নামেন্ট শুরুর কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তবে এখনও ভিসা জটিলতা পুরোপুরি সমাধান হয়নি, যা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
এ বিষয়ে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি জানান, তারা ফিফার সঙ্গে দ্রুত শুক্রবার কিংবা শনিবারের মধ্যে বৈঠকে বসে সমস্যার সমাধান চান।
তিনি বলেন, ‘শিগগিরই আমরা ফিফার সঙ্গে চূড়ান্ত আলোচনা করব। এখনও ভিসা বিষয়ে কোনো নিশ্চয়তা নেই, তাই আমরা স্পষ্ট গ্যারান্টি চাই।’
তিনি আরও জানান, খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে তুরস্কের আঙ্কারায় গিয়ে আঙুলের ছাপ দেওয়ার কথা থাকলেও ফেডারেশন চেষ্টা করছে এটি আন্টালিয়াতেই সম্পন্ন করতে, যাতে অতিরিক্ত যাতায়াতের প্রয়োজন না হয়।