প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মে ২০২৬ ১৪:৪৯ পিএম
আপডেট : ১৪ মে ২০২৬ ১৫:৫২ পিএম
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার মন্দির পরিদর্শনে যান ট্রাম্প। ছবি: সিনহুয়া
বেইজিংয়ের ৬০০ বছর পুরোনো ঐতিহাসিক মন্দির ‘টেম্পল অব হ্যাভেন’ পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার মন্দির পরিদর্শনে যান ট্রাম্প। ২০১৭ সালের আগের রাষ্ট্রীয় সফরের সময়ও ফরবিডেন সিটি পরিদর্শন করেছিলেন ট্রাম্প।
বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেম্পল অব হ্যাভেনে পৌঁছানোর পর চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা কেমন হয়েছে জানতে চান সাংবাদিকরা।
সাংবাদিকে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা ‘দারুণ’ হয়েছে”।
প্রসঙ্গত, বিখ্যাত ফরবিডেন সিটির সমসাময়িক স্থাপনা ‘টেম্পল অব হ্যাভেনে’। মন্দিরটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেছে ইউনেসকো। সংস্থাটির তথ্য অনুযায়ী, ১৪২০ সালের দিকে মন্দিরটি নির্মাণ করা হয়। তখন চীনে মিং সাম্রাজ্যের শেষের দিক। রাজকীয় বলিদান আর ভালো ফসলের জন্য প্রার্থনা করতে এই মন্দির ব্যবহার করা হতো।
এর আগে ‘হল অব প্রেয়ার ফর গুড হারভেস্টস’ এর বাইরে ট্রাম্পকে স্বাগত জানান শি জিনপিং। এরপর দুই নেতা হলে সামনে ছবি তোলেন এবং হলটি ঘুরে দেখেন।